দরপত্রে সমঝোতা, সরকারের দেড় লাখ টাকা গচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সমঝোতার মাধ্যমে দরপত্র জমা দিয়ে তিন লাখ ১৫ হাজার টাকার গাছ এক লাখ ৭৪ হাজার ৫০০ টাকায় কিনে নিয়েছেন ছাত্রলীগের এক নেতা। এতে সরকার এক লাখ ৪০ হাজার ৫০০ টাকার রাজস্ব হারিয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই একটি জাতীয় দৈনিকে উপজেলা পরিষদ ও প্রাণিসম্পদ কার্যালয়ের ৩৯টি গাছ ও কাটা গাছের গুঁড়ি বিক্রয়ের দরপত্র আহ্বান করা হয়। বৃহস্পতিবার দরপত্র দাখিলের শেষ সময় ছিল। দরপত্র জমা দেওয়ার আগে স্বেচ্ছাসেবক লীগের নেতা রুহুল আমিন, শ্রমিক লীগের সভাপতি রিপন চৌধুরী, জেলা ছাত্রলীগের সহসভাপতি মুর্তোজা বিন তারেকের নেতৃত্বে দরপত্র ক্রয়কারীদের নিয়ে সমঝোতা হয়।সমঝোতা অনুযায়ী বাক্সে মাত্র চারটি দরপত্র জমা পড়ে। এর মধ্যে মুর্তোজা বিন তারেক সর্বোচ্চ দরদাতা (এক লাখ ৭৪ হাজার ৫০০ টাকা) হওয়ায় তাঁকে গাছগুলো দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে দরপত্র ক্রয়কারীদের মধ্যে পাঁচ হাজার টাকা করে বণ্টন করা হয়।কাঠ ব্যবসায়ী ও দরপত্র ক্রয়কারী বেলাল হোসেন, আজিজুল, শরিফুল ইসলাম, রনি ও মুকুল জানান, ওই গাছের দাম বাজারে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা হবে। গাছগুলো কেনার জন্য তাঁরাও দরপত্র কিনেছিলেন। সমঝোতার কারণে তাঁরা বাক্সে দরপত্র ফেলেননি। বিনিময়ে তাঁরা ক্ষতিপূরণ পেয়েছেন।ছাত্রলীগের নেতা মুর্তোজা বিন তারেক বলেন, ‘সমঝোতার সম্পূর্ণ টাকা আমি পরিশোধ করে নিয়মতান্ত্রিকভাবে দরপত্র জমা দিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে গাছগুলো পেয়েছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা বলেন, ‘বাইরে সমঝোতা হলেও আমার সেটা জানা নেই এবং লিখিত অভিযোগও কেউ করেনি।’