দরপত্রের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে আজ বৈঠক
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০ কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের দরপত্রের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন মেয়র। বৈঠকে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের উপস্থিত থাকতে বলা হয়েছে।মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘দরপত্র নিয়ে নিয়ম-অনিয়মের প্রশ্ন এসেছে। কাজেই এটা নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। যেটা ন্যায়সংগত মনে হবে, আমরা সেটাই করব।’জানা যায়, বিগত অর্থবছরে নগরের শাহ আমানত সংযোগ সড়কের চান্দগাঁও থানা থেকে রাজাখালী সেতু পর্যন্ত একটি খাল নির্মাণের জন্য প্রায় সাত কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। দরপত্র আহ্বানসহ সব আনুষ্ঠানিকতা শেষে কাজটি ৩৮ লটে ভাগ করে ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ওই সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়, শাহ আমানত সংযোগ সড়কটি দুই লেন থেকে চার লেনে প্রশস্ত করা হবে। এরপর তারাই সেখানে একটি নালা নির্মাণ করবে। কাজেই সিটি করপোরেশনের সেখানে নালা নির্মাণের কোনো দরকার নেই।এরপর সিটি করপোরেশন ওই প্রকল্পের টাকা দিয়ে বীর্জ্যা খালের দুই পাড়ে প্রতিরোধ দেয়াল নির্মাণের উদ্যোগ নেয়। এ জন্য দরপত্র আহ্বান করে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়। ৭ ডিসেম্বর থেকে শিডিউল বিক্রি করার কথা। গতকাল মঙ্গলবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু প্রকৌশল বিভাগ একটি শিডিউলও বিক্রি করেনি। জানা গেছে, আগে নালা নির্মাণের জন্য যেসব ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছিল, তাঁদেরই এ প্রতিরোধ দেয়াল নির্মাণের কাজটি দেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসাইন গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আগের ঠিকাদারদের কাজগুলো দেওয়ার বিষয়টি সাধারণ সভায় অনুমোদন করা হয়েছে। সাধারণ সভায় অনুমোদনের কারণে সে সিদ্ধান্ত বাস্তবায়নে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। ফলে নতুন করে শিডিউল বিক্রি করা যাচ্ছে না।’ তিনি বলেন, ‘সরকারি ক্রয়বিধি অনুযায়ী, উন্নয়ন প্রকল্পের যেকোনো কাজের জন্য দরপত্র আহ্বান করে সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হয়। আমরা সে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি।’সিটি করপোরেশনের ঠিকাদার মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, এভাবে কাজ দেওয়ার কোনো নিয়ম নেই। সিটি করপোরেশনে এ ধরনের কোনো নজির নেই।