দরপত্রের আগেই কাজ শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপত্র আহ্বানের আগেই দুটি নতুন থানা ভবন ও ফাঁড়ি সংস্কারকাজের অধিকাংশই শেষ করেছেন এক ঠিকাদার। বাপ্পী সাহা নামের ওই ঠিকাদার বলেছেন, মৌখিক কার্যাদেশের ভিত্তিতেই তিনি এই কাজ করেছেন। অভিযোগ রয়েছে, পুলিশের বড় কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে দরপত্র নিজের নামে পাওয়ার নিশ্চয়তার ভিত্তিতেই তিনি ওই কাজটি করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুটি নতুন থানার ভবন ও ফাঁড়ি সংস্কারকাজ শেষ করার পর দরপত্র আহ্বান করা হয়। গতকাল রোববার ওই দুটি থানা ভবন নির্মাণ ও সংস্কারকাজের দরপত্র জমা নেয় মেট্রোপলিটন পুলিশ। এ সময় অন্যদের দরপত্র জমা দিতে বাধা দেন বাপ্পী সাহা। পরে পুলিশের উপকমিশনারের সহায়তায় অন্য ঠিকাদারেরাও দরপত্র জমা দেন। সূত্র জানায়, গত ১০ এপ্রিল এ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। এ সময় দরপত্র আহ্বানে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে ঠিকাদারেরা ওই দিনই পুলিশ কমিশনারের কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দরপত্র বাতিল করেন।এ মাসের শুরুতে আবার দরপত্র আহ্বান করা হয়। সে অনুযায়ী গত বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ১০৮টি এবং অন্যান্য কার্যালয় থেকে আরও ১২টিসহ ১২০টি দরপত্র বিক্রি হয়। গতকাল দরপত্র জমা দেওয়ার আগ মুহূর্তে স্থানীয় কয়েকজন ঠিকাদার ওই কাজ নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত ‘গুছ’ (ম্যানেজ) প্রক্রিয়া ভেস্তে গেলে দুপুর ১২টা পর্যন্ত দরপত্র বাক্সে আগ্রহী ঠিকাদারেরা ৭৪টি দরপত্র জমা দেন। কাজের অংশ হিসেবে নগরের আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ি ভবন সংস্কারকাজ শেষ হওয়ার পথে। ওই ফাঁড়ির এক পুলিশ কর্মকর্তা জানান, এখনো সীমানা দেয়াল নির্মাণ ও রঙের কাজ বাকি। বাপ্পী সাহা এই কাজটি করছেন বলে জানান ওই ফাঁড়ির আরেক কর্মকর্তা। একইভাবে সদর উপজেলার সাহেবেরহাট পুলিশ ফাঁড়ির দ্বিতল ভবনের প্রথম তলার সংস্কারকাজ প্রায় শেষ করা হয়েছে। শিগগিরই দোতলার সংস্কারকাজ শুরু হবে। ওই ফাঁড়ির এক কর্মকর্তা বলেন, ঠিকাদার বাপ্পী সাহা এই সংস্কারকাজ করছেন। অথচ এই কাজের দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে গতকালই। দরপত্রের আগেই কাজ করা প্রসঙ্গে বাপ্পী সাহা প্রথম আলোকে বলেন, ‘অফিস আমাকে মৌখিকভাবে কার্যাদেশ দিয়েছেন। সেই ভিত্তিতে আমি কাজ করেছি। তারা তাদের নিজস্ব তহবিল দিয়ে কাজ করিয়েছে। আজকের দরপত্র জমা দেওয়ার সঙ্গে ওই কাজের কোনো সম্পর্ক নেই।’ একই সঙ্গে তিনি দরপত্রে বাধা দেওয়ার কথা অস্বীকার করেন। মহানগর পুলিশ কমিশনার আবদুর রহিম জানান, কীভাবে এবং কাকে ওই কাজ দেওয়া হয়েছে তা তিনি জানেন না। তিনি পুলিশের উপকমিশনার (সদর দপ্তর) ভানু লাল দাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও ভানু লাল দাসের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।