দরপত্রের ওপরই যেন ঝুলে আছে কুষ্টিয়া-হরিপুর সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের পর বছর ঝুলে আছে কুষ্টিয়া-হরিপুরের সংযোগ সেতুর নির্মাণ প্রকল্প। এক বছরে পাঁচবার দরপত্র আহ্বান করা হলেও বরাদ্দের চেয়ে অতিরিক্ত অর্থ চাওয়ায় সরকার কোনো ঠিকাদারকে কাজ দিতে পারছে না বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর—এলজিইডি। এ কারণে তিনটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের দুর্ভোগ দীর্ঘায়িত হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, কুষ্টিয়া শহরের গা ঘেঁষে বয়ে যাওয়া গড়াই নদী সদর উপজেলার বর্ধিষ্ণু হরিপুর গ্রামকে বিভক্ত করেছে। পদ্মা নদীর প্রধান শাখা গড়াইয়ের উত্তরে হরিপুর ও পূর্বদিকে কুমারখালী উপজেলার শিলাইদহ এবং কয়া ইউনিয়নের প্রায় দুই লাখ লোকের বসবাস। স্থানীয় লোকজন গ্রীষ্মকালে পানিশূন্য নদীর মধ্যে বাঁশের চটা দিয়ে প্রায় ৩০০ ফুট লম্বা একটি সাঁকো নির্মাণ করেন। বর্ষায় ইঞ্জিনচালিত নৌকাই তাঁদের ভরসা। এর ওপর দিয়ে সাইকেল, ভ্যান ও মোটরসাইকেলও চলাচল করে।কুষ্টিয়া এলজিইডি সূত্রে জানা গেছে, ৪০০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের জন্য ২০০৪ সালের ৬ এপ্রিল ২০ কোটি টাকা ব্যয়সংবলিত প্রকল্পের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। গত বছর এ সেতুর নকশা পরিবর্তন করা হয়। নির্মাণসামগ্রীর দাম বাড়ায় সেতুর ব্যয় ধরা হয় প্রায় ৪৩ কোটি টাকা। গত বছরের ফেব্রুয়ারিতে প্রথম, ১২ জুলাই তৃতীয়, ৮ সেপ্টেম্বর চতুর্থ ও ৩ অক্টোবর পঞ্চমবারের মতো দরপত্র আহ্বান করা হয়, কিন্তু কোনো ঠিকাদারই কাজ পায় না। সর্বশেষ ষষ্ঠবার এ বছরের ১৬ জানুয়ারি দরপত্র আহ্বান করা হয়। সেখানে দুজন ঠিকাদার দরপত্র দাখিল করেন। একজন সর্বনিম্ন ২৩.৮১ শতাংশ বেশি দরে দরপত্র জমা দেন।স্থানীয় সূত্রে জানা যায়, ২০০২ ও ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পর পর দুবার কুষ্টিয়ায় সফরে এসে এ সেতু বাস্তবায়নের অঙ্গীকার করেন। গত নির্বাচনের আগে আওয়ামী লীগ একই প্রতিশ্রুতি দিয়েছিল। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম জানান, যেহেতু এ সরকারের আমলে দরপত্রের প্রক্রিয়া চলছে, কাজ শুরু হবে বলে তাঁরা আশা করেন।সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি প্রকৌশলী আলিমুজ্জামান প্রথম আলোকে জানান, ২০০৬ সালের ১৪ মে সেতু বাস্তবায়নের দাবিতে হরিপুর সেতু বাস্তবায়ন কমিটির উদ্যোগে কুষ্টিয়া শহরে পাঁচ কিলোমিটার মানববন্ধন করা হয়েছিল। এখন আর এলাকাবাসী কিছুই করবেন না। গত বিএনপির সরকার আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি। এ সরকারও একই আশ্বাস দিয়েছিল। সরকারের যদি সদিচ্ছা থাকত, তবে যেকোনো দরপত্রেই বাস্তবায়ন করতে পারত।হরিপুরের বাসিন্দা ফরিদুল ইসলাম জানান, এলাকার প্রসূতিদের হাসপাতালে নিতে খুবই সমস্যা হয়। সেতু হলে খুব কম সময়ে শহরে ব্যবসা-বাণিজ্য করাও সম্ভব। হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাক হোসেন বলেন, ‘গত বিএনপির সরকার আমলে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ওয়াদা ছিল। তবে দৃশ্যমান কাজ না দেখা পর্যন্ত কোনো সরকারকেই আর বিশ্বাস করতে পারছি না।’এলজিইডি কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী গোলাম কবির প্রথম আলোকে জানান, এলজিইডির জনগুরুত্বপূর্ণ ও উপজেলা সড়ক উন্নয়ন প্রকল্পে কুষ্টিয়া-হরিপুরের সংযোগ সেতুটি অন্তর্ভুক্ত করা হয়েছে। অতিরিক্ত দর দাখিল করার কারণে বারবার দরপত্র আহ্বান করা হচ্ছে।ঢাকার এলজিইডির গুরুত্বপূর্ণ উপজেলা সড়ক উন্নয়ন প্রকেল্পর প্রকল্প পরিচালক আশীষ কুমার পাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, দুটি প্রতিষ্ঠানের দরপত্র মূল্যায়ন করা হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে এটি উপস্থাপন করা হবে। তা ছাড়া নির্মাণসামগ্রীর দাম বাড়ায় প্রতিষ্ঠিত কোনো ঠিকাদার অংশ নিচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।