চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) ২০ কোটি টাকার উন্নয়নকাজের দরপত্রের ফরম কিনতে না পেরে বিক্ষোভ করেছেন ঠিকাদারেরা। তাঁরা ওই কাজের পুনঃ দরপত্র দেওয়ার দাবি জানিয়েছেন।চউকের কর্মচারী ও সিবিএর নেতারাও তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। গতকাল বুধবার রাত পর্যন্ত চউক ভবনে অপেক্ষা করে তাঁরা এ দাবি জানান। আজ বৃহস্পতিবার দরপত্রের আবেদন জমা দেওয়ার শেষ দিন।জানা গেছে, বহদ্দারহাট মোড় থেকে আরাকান সড়কের কালুরঘাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অংশ সংস্কার করার জন্য চউক ২০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়। পুরো কাজ ১০টি লটে ভাগ করা হয়। এর মধ্যে এক লট ১৮ কোটি টাকা এবং অন্য লট ১০ থেকে ৩০ লাখ টাকায় ভাগ করা হয়। ঠিকাদার ও কর্মচারীরা অভিযোগ করেন, গতকাল শিডিউল বিক্রির শেষ দিনে কে বা কারা একসঙ্গে অনেকগুলো কাজের আবেদনপত্র কিনে নেন। এতে অন্য ঠিকাদারেরা আবেদনপত্র কিনতে পারেননি। ফলে তাঁরা চউক ভবনে এসে বিক্ষোভ করেন। চউক ভবনে অবস্থিত পূবালী ও জনতা ব্যাংকে এসব আবেদনপত্রের ফরম বিক্রি হয়।চউক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনের স্বচ্ছতার জন্য আমরা এ কাজের পুনঃ দরপত্র দাবি করছি। দাবি আদায়ের জন্য কাল (আজ বৃহস্পতিবার) সকাল থেকে আমরা চউক ভবনে আন্দোলন শুরু করব।’প্রকল্পের পরিচালক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সারা দিন কোনো ঠিকাদার কিংবা কর্মচারী এ ব্যাপারে কোনো অভিযোগ করেননি। সন্ধ্যা ছয়টার পর তাঁরা আমার কাছে নানা অভিযোগ দেন। আমি তাঁদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে বলেছি, পুনঃ দরপত্রে আমার কোনো আপত্তি নেই।’