দরপত্রের বাক্স খুলতে নিরাপত্তা চেয়ে আবেদন
তালিকা থেকে বাদ পড়া দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে হুমকি দেওয়ার কারণে চিকিৎসাসামগ্রী সরবরাহের দরপত্রের বাক্স খোলার জন্য পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়। এ ব্যাপারে র্যাব ও পুলিশে গতকাল শনিবার লিখিত আবেদন করা হয়েছে। আজ রোববার সকাল নয়টায় এই বাক্স খোলার কথা। সিভিল সার্জন মো. আবু তৈয়ব বলেন, ‘আমাদের কর্মকর্তা ও কিছু তালিকাভুক্ত ঠিকাদারের ওপর হুমকি-ধমকি আসছে। তাই আমরা কাল (আজ) দরপত্র বাক্স খোলার সময় নিরাপত্তা চেয়ে র্যাব ও পুলিশে আবেদন করেছি।’ জানা গেছে, র্যাব কার্যালয়ে আবেদনপত্রে অভিযোগ করা হয়, ভুয়া তথ্য দেওয়ায় মা করপোরেশন ও মাইসা জোহরা এন্টারপ্রাইজ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের তালিকাভুক্তি সম্প্রতি বাতিল করে সিভিল সার্জন কার্যালয়। এর পর থেকে ওই দুটি প্রতিষ্ঠানের পক্ষে কিছু লোক কার্যালয়ে গিয়ে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়। এদিকে, সর্বশেষ ১৯ জানুয়ারি দরপত্র বিক্রির শেষ দিনে তালিকাভুক্ত না হয়েও মাহমুদা বিল্ডার্স ও এস এম কনস্ট্রাকশন নামে দুটি প্রতিষ্ঠানের হয়ে সাত-আটজন লোক সিভিল সার্জন কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় ওই দিন একটি সাধারণ ডায়েরি করা হয়। মো. আবু তৈয়ব বলেন, ‘মা করপোরেশন ও মাইসা এন্টারপ্রাইজ সুনামগঞ্জ ও গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের তালিকাভুক্ত ঠিকাদার হিসেবে এখানে প্রত্যয়নপত্র জমা দেয়। পরে আমরা সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ে খোঁজ নিয়ে দেখেছি বিষয়টি সত্য নয়। তাই তাদের তালিকাভুক্তি বাতিল করা হয়।’অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মাইসা জোহরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম ফোরকান বলেন, ‘হুমকি দেওয়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। আমরা আবেদন করার পর সিভিল সার্জন কার্যালয় তালিকাভুক্তির টাকা জমা দিতে বলে। সে অনুযায়ী আমরা টাকা জমা দেওয়ার পর কেন আমাদের তালিকাভুক্তি বাতিল করা হলো? যদি আগে যাচাই-বাছাই করে বাতিল করত, তাহলে আমাদের ২৫ হাজার টাকা জমা দিতে হতো না।’