দরপত্রের বাক্স ছিনতাই করলেন যুবলীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলীর (এলজিইডি) কার্যালয়ের ভেতর থেকে গতকাল মঙ্গলবার দরপত্রের বাক্স ছিনতাই করেছেন যুবলীগের নেতারা। এ সময় তাঁরা কাঠের তৈরি বাক্সটি বাইরে নিয়ে ভেঙে কয়েকটি দরপত্র ও টাকা জমা দেওয়ার রসিদ (সিডিআর-পে-অর্ডার) নিয়ে যান। এতে ওই দরপত্র কার্যক্রম স্থগিত হয়ে যায়।
এ ঘটনায় উপজেলা যুবলীগের দুটি কমিটি সাময়িক স্থগিত ও তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা যুবলীগ।
তিনটি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণকাজের দুই কোটি ১৫ লাখ টাকার দরপত্র আওয়ামী লীগের নেতারা সমঝোতা না করায় ক্ষুব্ধ যুবলীগের নেতারা এ ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ঘটনার পর থেকে একদল পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পিইডিটি-৩ প্রকল্পের অধীনে উপজেলার দক্ষিণ উদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ৮৩ লাখ পাঁচ হাজার, চরমোহনা সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এক কোটি ৩২ লাখ টাকার দরপত্র ১৭ ডিসেম্বর আহ্বান করা হয়। সোমবার ছিল দুই প্যাকেজের এ কাজের দরপত্র বিক্রির শেষ দিন। রায়পুর কার্যালয় থেকে ৩৩টি ও লক্ষ্মীপুর কার্যালয় থেকে বেশ কয়েকটি দরপত্র বিক্রি হয়।
কয়েকজন ঠিকাদার জানান, গতকাল দাখিলের শেষ দিনে রায়পুরে ১১টা পর্যন্ত বেশ কয়েকটি দরপত্র জমা পড়ে। এর মধ্যে ফরিদা এন্টারপ্রাইজ দরপত্রের সঙ্গে তিন লাখ ৩২ হাজার টাকার সিডিআর, এশিয়া এন্টারপ্রাইজ দুই লাখ সাত হাজার, সৌরভ ট্রেডার্স পাঁচ লাখ ৩৯ হাজার ও রহমান ইঞ্জিনিয়ারিং দুই লাখ সাত হাজার টাকার সিডিআরসহ দরপত্র দাখিল করে। বাক্স ভেঙে সিড়িআরসহ দরপত্র নিয়ে যান নেতারা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, টেন্ডারটি সমঝোতা করার জন্য যুবলীগ ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ কয়েকজন নেতা প্রস্তাব দিয়েছেন। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বিদায় ওই টেন্ডারটি সাধারণ ঠিকাদারদের অংশগ্রহণের জন্য উন্মুক্ত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাছেলের নেতৃত্বে প্রকাশ্যে বাক্সটি নিয়ে যায়।
তবে কামরুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমিও এমন খবর শুনে ঘটনাস্থলে এসেছি। কে বা কারা এটি করেছে আমি জানি না। ঘটনার সঙ্গে যুবলীগের কেউ জড়িত ছিল না।’
রায়পুর উপজেলা প্রকৌশলী আকতার হোসেন ভূঁইয়া বলেন, ‘দরপত্র দাখিলের জন্য টেন্ডার বাক্সটি আমার কক্ষে রাখা হয়। হঠাৎ বেলা ১১টার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত এসে বাক্সটি ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে তারা আমাকে গালমন্দ করে। পরে কার্যালয়ের ২০০ গজ দূরে পুকুরপাড়ে নিয়ে বাক্সটি ভাঙচুর করে দরপত্র ও সিডিআর নিয়ে যায়।’
লক্ষ্মীপুর যুবলীগের আহ্বায়ক সৈয়দ আহমেদ পাটোয়ারী জানান, কেন্দ্রের নির্দেশে রায়পুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ও পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা যুবলীগে আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ও পৌর যুবলীগের আহ্বায়ক শামসুল আলমকে বহিষ্কার করা হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল যাই। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী থানায় এজাহার জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’