অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) বেশ কিছু উন্নয়নকাজের দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে কারসাজি করে কাজ বণ্টনের অভিযোগ পাওয়া গেছে। গত তিন বছরে এমন কারসাজির মাধ্যমে বিপুল অঙ্কের টাকার উন্নয়নকাজ থেকে লাভবান হয়েছেন ডিসিসির একশ্রেণীর কর্মকর্তা ও কয়েকজন ঠিকাদার।অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ডিসিসির উন্নয়নকাজের দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে একশ্রেণীর ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে এই কারসাজি করছেন ডিসিসির একশ্রেণীর কর্মকর্তা। তাঁদের পেছনে থাকেন যখন যে দল ক্ষমতায় থাকে, সেই দলের প্রভাবশালী নেতা বা নেতারা। যোগসাজশের কারণে এমন দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় অপেক্ষাকৃত কম প্রচারিত পত্রিকায়। কখনো কখনো নামসর্বস্ব পত্রিকায়। এমনও দেখা গেছে, পত্রিকাটির সব কপিতে ওই বিজ্ঞপ্তি ছাপানো হয়নি। ফলে দরপত্রের বিষয়টি সাধারণ ঠিকাদারেরা না জানায় এতে অংশ নেন কেবল যোগসাজশ থাকা ঠিকাদারেরা।গত বছরের ডিসেম্বর মাসে ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ—এই দুই ভাগে বিভক্ত হয়।জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক জিল্লার রহমান প্রথম আলোকে বলেন, ‘শুনেছি এমনটা হয়েছে। তবে আমি যোগদানের পর বড় পত্রিকায় বিজ্ঞাপন দিতে বলেছি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সর্বাত্মক চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘আমরা শিগগিরই মোট দরপত্রের ২০ শতাংশ ই-টেন্ডারিং করব। সবকিছু ওপেন করে দেব।’খোঁজ নিয়ে ও সিটি করপোরেশনের নথি থেকে জানা যায়, ২০১১ সালে ঢাকা শহরের তিনটি পাইকারি কাঁচাবাজার প্রকল্পের ৩৪ কোটি ৫০ লাখ টাকার দরপত্র দ্য নিউ নেশন, দৈনিক খবর, দৈনিক জনতা, আজকালের খবর, ভোরের কাগজ-এ ছাপা হয়। করপোরেশনের অঞ্চল-৬-এর অধীনে ৪২ নম্বর ওয়ার্ডে অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনকাজের দরপত্র বিজ্ঞপ্তিও ছাপা হয় কয়েকটি কম প্রচারিত পত্রিকায়। ২০১০ সালে মিরপুরে গ্রামীণ ব্যাংক থেকে আগারগাঁও পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ৩৩ কোটি টাকার কাজের দরপত্রের বিজ্ঞাপন দেওয়া হয় দ্য নিউ নেশন, দৈনিক খবর, দৈনিক জনতা ও দৈনিক ভোরের কাগজ-এ। গত তিন বছরে এমন আরও বেশ কিছু উন্নয়নকাজের দরপত্রের বিজ্ঞপ্তি কম প্রচারিত পত্রিকায় প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।খোঁজ নিয়ে ও কয়েকজন ঠিকাদারের সঙ্গে কথা বলে জানা যায়, নথিপত্র ঠিক রাখা ও শর্ত পূরণের জন্য এভাবে বিজ্ঞাপন প্রকাশ দীর্ঘদিন ধরে চলছে। নগর ভবনের একশ্রেণীর কর্মকর্তা ও ঠিকাদার যোগসাজশ করে এই বিজ্ঞাপন ছাপিয়ে ওই পত্রিকাগুলোর কপি প্রয়োজনীয় জায়গায় সরবরাহ করেন। এমনও দেখা গেছে, সংরক্ষিত কপিতে বিজ্ঞাপনটি থাকলেও অন্য কপিতে একই স্থানে রয়েছে খবর। সাধারণ ঠিকাদারেরা বিষয়টি না জানায় এর সঙ্গে জড়িত ঠিকাদারেরাই কেবল দরপত্রে অংশ নিয়ে কাজ বাগিয়ে নেন। শর্ত পূরণ হওয়ায় কর্তৃপক্ষেরও কিছু করার থাকে না।কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, সব সরকারের সময়ই এমন হচ্ছে। এ কারণে নগর উন্নয়ন কর্মকাণ্ডে কোটি কোটি টাকা খরচ হলেও কাজের মান ভালো হচ্ছে না। উন্নয়নের সুফল পাচ্ছে না নগরবাসী।