দরপত্রের লটারি আয়োজনে দীর্ঘসূত্রতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) প্রায় ১৪ কোটি টাকার সড়ক নির্মাণকাজের দরপত্র দাখিলের ৪৬ দিন পার হলেও কর্তৃপক্ষ উন্মুক্ত লটারির আয়োজন করছে না বলে অভিযোগ উঠেছে। সাধারণ ঠিকাদারদের অভিযোগ, আওয়ামী লীগের প্রভাবশালী একটি পক্ষ লটারি ছাড়াই সমঝোতা করে কাজগুলো বাগিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। ভোলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আবদুস সালাম বলেন, দরপত্র দাখিলের পর নীতিমালা অনুযায়ী ১৪ দিনের মধ্যে দরপত্রের মূল্যায়ন করতে হবে। কর্তৃপক্ষ ইচ্ছে করলে এর বেশি সময় নিতে পারে। তবে ১২০ দিনের মধ্যে লটারি যাচাই-বাছাই শেষে ঠিকাদারকে কাজ করার জন্য কার্যাদেশ বুঝিয়ে দিতে হবে। মেসার্স মাকসুদ ট্রেডার্সের ঠিকাদার ইকবাল মাহমুদ, আল-আমিন ট্রেডার্সের শিপু, ঠিকাদার মনিরুল ইসলামসহ একাধিক ঠিকাদার জানান, এলজিইডি গত ২৩ সেপ্টেম্বর ভোলায় আসে না, এমন দুটি পত্রিকায় ২৩ গ্রুপে প্রায় ১৪ কোটি টাকার সড়ক নির্মাণকাজের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত ১৬ অক্টোবর ছিল দরপত্র তফসিল (শিডিউল) বিক্রির এবং ১৭ অক্টোবর ছিল দাখিলের শেষ দিন। ২৪ সেপ্টেম্বর থেকে শিডিউল বিক্রি শুরু হলেও ১৫ অক্টোবর পর্যন্ত ঠিকাদারেরা শিডিউল বিক্রির নির্ধারিত স্থানে কোনো শিডিউল পাননি। আওয়ামী লীগের একটি পক্ষ গোপন দরপত্র আহ্বান করে কাজগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। ঠিকাদারদের একটি পক্ষ বিষয়টি ওপর মহলে জানিয়ে দিলে জেলা প্রশাসকের মাসিক উন্নয়ন সভায় জেলার নেতৃস্থানীয় লোকজন গোপন টেন্ডারবাজি ও শিডিউল বিক্রি না করার অভিযোগ উত্থাপন করেন। পরে এলজিইডির কর্মকর্তারা শিডিউল ছাড়তে বাধ্য হন এবং অতি অল্প সময়ে শতাধিক ঠিকাদার দরপত্র তফসিল দাখিল করেন। কিন্তু ভোলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ৪৬ দিন পার হলেও লটারি করছেন না। সাধারণ ঠিকাদারেরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থক দুই প্রভাবশালী ঠিকাদার মামুন ট্রেডার্সের মো. মামুন ও জসিম এন্টার প্রাইজের মো. জসিম উদ্দিন প্রায় ১৪ কোটি টাকার কাজ বাগিয়ে নেওয়ার জন্য প্রতি ঠিকাদারকে মাত্র ৩০ হাজার টাকা দিয়ে সমঝোতা করতে চাইছেন। আর তারাই প্রভাব খাটিয়ে কর্মকর্তাদের উন্মুক্ত লটারির আয়োজন করতে বাধা দিচ্ছেন। ঠিকাদার মো. জসিম উদ্দিন বলেন, ‘মামুন ও আমি সব ঠিকাদরকে নিয়ে সমঝোতা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এখন এলজিইডি যা করবে তা-ই হবে, এখানে বাধা দেওয়ার কিছু নেই।’ ভোলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রভাষ চন্দ্র বিশ্বাস বলেন, ‘ঈদের ছুটিসহ নানা বন্ধে উন্মুক্ত লটারির আয়োজন করতে কিছু বিলম্ব হয়েছে। তবে আগামী সপ্তাহে লটারিসহ অন্যান্য কাজ শেষ করে ফেলব।’