দরপত্রের শর্ত ভঙ্গ করে একজন ঠিকাদার যন্ত্রের পরিবর্তে শ্রমিক দিয়ে রাস্তার পিচ ঢালাই করছেন। এভাবে কাজ করায় রাস্তার স্থায়িত্ব অনেক কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। দরপত্রের শর্ত ভঙ্গ করলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে নীরব রয়েছে বলে অভিযোগ উঠেছে।ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর-গোপালপুর ১৪ কিলোমিটার সড়ক ও শৈলকুপা উপজেলার শৈলকুপা-গাড়াগঞ্জ সাত কিলোমিটার সড়কের এই কাজ পান ঝিনাইদহের ঠিকাদার শাহিনুর আলম। পেভার যন্ত্রের (পিচ-পাথরের মিশ্রণ তৈরি করে তা স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় ফেলার যন্ত্র) পরিবর্তে শ্রমিক দিয়ে রাস্তার কাজ করানোর সময় এলাকাবাসীর বাধার মুখে চলতি মাসের ৩ তারিখে শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কের কাজ বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এরপর ঠিকাদার একইভাবে মহেশপুর-গোপালপুর সড়কে পেভার যন্ত্র ছাড়াই কাজ শুরু করে তা এখনো চালিয়ে যাচ্ছেন।ঠিকাদারেরা অভিযোগ করেছেন, সওজের খুলনা কার্যালয় থেকে আহ্বান করা সড়ক দুটির উন্নয়নকাজের দরপত্র ১৪ জন ঠিকাদার কিনলেও শাহিনুর আলম লোকজন দিয়ে অন্য ঠিকাদারদের দরপত্র জমা দিতে বাঁধা দেন। পরে তিনি পছন্দের তিনটি লাইসেন্সে তিনটি দরপত্র শতকরা ৮ থেকে ১৭ শতাংশ উচ্চ দরে জমা দেন। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ঝিনাইদহের বেশ কয়েকজন ঠিকাদার সওজের প্রধান কার্যালয়, খুলনা কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। কিন্তু সওজ অভিযোগের তদন্ত না করেই ৮ শতাংশ উচ্চ দরে শাহিনুর আলমকে কাজটি করার অনুমতি দেয়।একাধিক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, দরপত্রে উল্লেখ আছে, একটি যন্ত্র (পেভার) দিয়ে রাস্তায় পিচ ছিটানো হবে। আরেকটি যন্ত্র পিচ-পাথরের মিশ্রণ তৈরি করে রাস্তার ওপর সমানভাবে ঢেলে যাবে। এভাবে কাজ করলে পিচ, পাথর, বালির মিশ্রণ ও আগুনের তাপ সঠিক হয়। এ ছাড়া যন্ত্র দিয়ে এভাবে কাজ করলে রাস্তাটি বেশ সমতল হয়, উচ্চতার হেরফের হয় না। কিন্তু হাতে এ কাজ করলে তা সম্ভব হয় না; পিচ, পাথর ও বালুর পরিমাপ সঠিক থাকে না; পাশাপাশি রাস্তার উচ্চতায় ফাঁকি দেওয়া সম্ভব হয়। এ ছাড়া ঠিকাদার যন্ত্র দিয়ে কাজ করলে তাঁকে অতিরিক্ত টাকা যন্ত্রের ভাড়ায় ব্যয় করতে হয়। হাতে করা কাজের চেয়ে যন্ত্রে করা কাজ দ্বিগুণ স্থায়ী হয়।শৈলকুপার ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, ঠিকাদার যন্ত্রের পরিবর্তে হাতে শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কের কাজ শুরু করার পর এলাকাবাসী বাধা দিলে সওজ কাজ বন্ধ করে দেয়।সওজ খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী জানান, ঠিকাদারদের কোনো অভিযোগ তিনি পাননি। যন্ত্রের পরিবর্তে হাতে কাজ করার বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সওজ ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান জানান, রাস্তা সরু হওয়ায় যন্ত্র ব্যবহার করা হচ্ছে না। তবে কাজ ভালো হচ্ছে বলে তিনি দাবি করেন। শাহিনুর আলম বিদেশে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর ব্যবস্থাপক তাজুল ইসলাম বলেন, রাস্তা সরু হওয়ায় যন্ত্র ব্যবহার করছেন না।