চট্টগ্রাম বন্দরের সাধারণ পণ্যবাহী জেটির (জেসিবি) ছয়টিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজে পুনরায় দরপত্রের শর্ত পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল সোমবার হাইকোর্টে রিট করা হয়েছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং করপোরেশনের পক্ষে হাসান মাহমুদ চৌধুরী এ রিট করেন।জানা গেছে, রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই সংশোধনীর কার্যক্রমের ওপর এক সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। একই সঙ্গে ২৬ জুলাই এ রিটের ওপর শুনানির দিন ধার্য করেন আদালত।বন্দর সূত্রে জানা গেছে, কাল বৃহস্পতিবার ছিল ওই দরপত্র খোলার দিন। আদালতের নির্দেশনার কারণে দরপত্র খোলার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।সূত্র জানায়, ওই ছয়টি জেটিতে প্রথম ডাকা দরপত্রে সর্বনিম্ন দরদাতা বিবেচিত হয় কিউসি শিপিং লাইনস। সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতিটি কনটেইনার ওঠানো-নামানোর জন্য ৭৫ টাকা করে দরপ্রস্তাব করে এই প্রতিষ্ঠানটি। দরপত্র ছাড়া বার্থ অপরেটররা আগে এই কাজের জন্য বন্দর থেকে ৭৩০ টাকা আদায় করত। অভিযোগ রয়েছে, একটি স্বার্থান্বেষী মহলের কারসাজিতে ওই দরপত্র বাতিল করা হয়। পরে পুনরায় দরপত্র আহ্বান করা হয় ৮ জুলাই। ১৫ জুলাইয়ের মধ্যে দরপত্র জমা দেওয়ার কথা উল্লেখ ছিল। কিন্তু দরপত্র বিক্রির মাঝপথে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে গত ১১ জুলাই বিকেলে এক ঘণ্টার ব্যবধানে দুই দফায় ফ্যাক্সবার্তা পাঠিয়ে দরপত্রের একটি শর্ত সংশোধন করা হয়। এ সংশোধনীর কারণে দরপত্র জমা দেওয়ার শেষ দিন ও খোলার সময় নির্ধারণ করা হয় ২২ জুলাই।অভিযোগ উঠেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় এমনভাবে ওই সংশোধনী আনা হয়, যাতে নির্দিষ্ট ছয়টি বার্থ অপারেটর ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান দরপত্রযোগ্য বিবেচিত হওয়ার সুযোগ নেই। প্রতিষ্ঠান ছয়টিকে বন্দরের জেসিবির ছয় জেটির কাজ ভাগাভাগি করে পাইয়ে দেওয়ার সুযোগ দিতেই এ সংশোধনী আনা হয়। এই প্রতিষ্ঠান ছয়টি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিনা দরপত্রে বন্দরের ছয়টি জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজ করছিল। তারা প্রতি কনটেইনার ওঠানো-নামানোর জন্য ৭৩০ টাকা করে নিত। জানা গেছে, গতকাল রিট আবেদনে মন্ত্রণালয়ের ফ্যাক্সবার্তার সেই সংশোধনী চ্যালেঞ্জ করা হয়। যোগাযোগ করা হলে হাসান মাহমুদ রিট দায়ের এবং আদালতের এক সপ্তাহের স্থগিতাদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।