দরপত্র-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সমাজসেবা কার্যালয়ের একটি দরপত্র-প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ওই দরপত্রে অংশ নেওয়া চারজন ঠিকাদার গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।
বেলা ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের একটি রেস্তোরাঁয় ওই সংবাদ সম্মেলন শুরু হয়। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামাল উদ্দিন আহমদের মালিক রুবেল আহমদ তাঁর লিখিত বক্তব্যে বলেন, কুলাউড়া উপজেলার বিভিন্ন চা-বাগানের শ্রমিক পরিবারের মধ্যে প্যাকেটজাত খাদ্য ও আনুষঙ্গিক দ্রব্য সরবরাহের জন্য গত ২২ মার্চ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কুলাউড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের শর্তানুযায়ী ২৩ মার্চ ঠিকাদারেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নির্ধারিত বাক্সে দরপত্র জমা দেন।
ঠিকাদার রুবেল আহমদ তাঁর লিখিত বক্তব্যে আরও বলেন, গত ২২ মার্চ বিকেল চারটায় ঠিকাদারদের উপস্থিতিতে দরপত্র খোলা হয়। এতে প্রথম সর্বনিম্ন দরদাতা মেসার্স জামাল উদ্দিন আহমদ (৫৬ লাখ ১৮ হাজার ৭৫০ টাকা), দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা জুড়ী উপজেলার ঘোষ অটো রাইস মিল (৫৮ লাখ ৯০ হাজার ৬২৬ টাকা), তৃতীয় সর্বনিম্ন দরদাতা কুলাউড়ার বিলাস এন্টারপ্রাইজ (৬৮ লাখ ৫৮ হাজার টাকা), চতুর্থ সর্বনিম্ন দরদাতা হবিগঞ্জ জেলার হাবিবুর রহমান (৭১ লাখ ৮৪ হাজার ৭৫০ টাকা) এবং পঞ্চম সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হন শ্রীমঙ্গল উপজেলার মেসার্স আদমজী ট্রেডিং (৭২ লাখ ২৬ হাজার ৬০০ টাকা)।
রুবেল আহমদ অভিযোগ করেন, দরপত্র বাক্স খোলার পর দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব ও ওই সময় দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা (বর্তমানে ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত) কাগজপত্র যাচাইয়ের অজুহাত দেখিয়ে অযথা সময় ক্ষেপণ করতে থাকেন। কল্লোল সাহা সর্বনিম্ন দরদাতাদের কাগজপত্র রদবদল করে চতুর্থ সর্বনিম্ন দরদাতাকে কাজ পাইয়ে দিতে তাঁর কাগজপত্র সংশোধন করে দেন। এভাবে তিনি দরপত্র-প্রক্রিয়ায় অনিয়ম করেছেন।
তৎকালীন সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ও ইউএনও তাহসিনা বেগম বলেন, মূল্যায়ন কমিটির সভার সিদ্ধান্তের লিখিত কার্যবিবরণী (রেজল্যুশন) এখনো তিনি পাননি।