দরবারের টাকা লুটের মামলা চলতে আইনগত বাধা কাটল
চট্টগ্রামে তালশরা দরবার থেকে দুই কোটি টাকা লুটের ঘটনায় করা মামলাটি চলতে আইনগত বাধা কেটেছে। মামলার কার্যক্রম বাতিল চেয়ে করা আবেদনটি খারিজ করেছেন হাইকোর্ট। ওই মামলার আসামি ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মাহমুদুল হাসান মামলা বাতিল চেয়ে আবেদন করেন।
বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট আজ বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে মামলার ওপর দেওয়া স্থগিত আদেশ তুলে নিয়েছেন আদালত। এ তথ্য জানিয়েছেন দরবারের পক্ষে কৌঁসুলি মো. এনাম।
দরবার শরিফ থেকে টাকা লুটের ঘটনায় ২০১২ সালের ১৩ মার্চ ততকালীন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী মজুমদারসহ ১২ জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে আনোয়ার থানায় দরবারের পক্ষ থেকে মামলা করা হয়।
ওই মামলা বাতিল চেয়ে শেখ মাহমুদুল হাসান হাইকোর্টে আবেদন করলে প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২৮ নভেম্বর হাইকোর্ট রুলসহ মামলার কার্যক্রম স্থগিত আদেশ দেন। আজ বিষয়টি শুনানির জন্য তালিকায় ছিল। আদালতে শেখ মাহমুদুল হাসানের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন। দরবারের পক্ষে ছিলেন আইনজীবী তাজুল ইসলাম ও মো. এনাম।
জয়নুল আবেদিন বলেন, ‘আমরা মামলাটি না চালানোর কথা বলেছি। না চালানোর দিক বিবেচনায় বাতিল আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।’
মো. এনাম বলেন, শেখ মাহমুদুলের করা বাতিল আবেদনটি না চালানোর কথা বিবেচনায় আদালত খারিজ করেছেন। এতে মামলার কার্যক্রম চলতে আইনগত আর কোনো বাধা নেই।