দরিদ্র, নারী-শিশুদের বিচারপ্রাপ্তির সুযোগ বাড়ানোই লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, দরিদ্র ও নারী-শিশুদের বিচার পাওয়ার সুযোগ বাড়ানো এবং কোনো ধরনের বিলম্ব ছাড়াই ন্যায়বিচার নিশ্চিত করা বিচার বিভাগের লক্ষ্য। চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত সর্বোচ্চ আদালত, আদালত ও ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ২০ লাখ ৩২ হাজার ৪৬টি। এটি বিচার বিভাগের লক্ষ্য অর্জনে বড় প্রতিবন্ধকতা।গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে মামলা ব্যবস্থাপনা এবং আদালত প্রশাসনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহারবিষয়ক এক জাতীয় কর্মশালায় প্রধান বিচারপতি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, সীমিত বাজেট বরাদ্দ, আইটি অবকাঠামো স্বল্পতা এবং দক্ষ জনশক্তির অভাবে তথ্যপ্রযুক্তির সুবিধা বিচার বিভাগে এখনো পুরোপুরি বিস্তার লাভ করেনি। সুপ্রিম কোর্টে ও ঢাকায় কিছু আদালতে নিজস্ব আইসিটি নেটওয়ার্ক ব্যবহূত হচ্ছে। তিনি বলেন, ‘এই চর্চার লক্ষ্য হলো মানসম্পন্ন তথ্যপ্রযুক্তির ব্যবহারের উপায় উদ্ভাবন, যা বিচারব্যবস্থায় গুণগত ও সংখ্যাগত সক্ষমতা বাড়াবে। আমাদের প্রত্যাশা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিচারপ্রাপ্তির বিষয়টি আরও সহজলভ্য, সাশ্রয়ী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করবে।’সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে জুডিশিয়াল স্ট্রেনদেনিং প্রকল্পের পক্ষ থেকে দুই দিনের এই কর্মশালার আয়োজন করা হয়। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার এস এম কুদ্দুস জামানের পরিচালনায় সূচনা পর্বে আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিজনার বক্তব্য দেন। কর্মশালায় সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন।কর্মশালার দ্বিতীয় দিনে আজ শনিবার ঢাকা, রাঙামাটি ও কিশোরগঞ্জ জেলার বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা।