দরিদ্র জনগোষ্ঠীর জন্য এমজেএফের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১০ লাখ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে মানবাধিকার ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে নতুন কর্মসূচি শুরু করেছে বেসরকারি সাহায্য সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ‘বাংলাদেশের বঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সুযোগ সৃষ্টি (সিওপিই-কোপ)’ শীর্ষক কর্মসূচিতে অর্থায়ন করবে।
গতকাল শনিবার বাংলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শুরুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের চেয়ারপারসন সৈয়দ মঞ্জুর এলাহী। মানুষের জন্য ফাউন্ডেশন ১২০টি সহযোগী সংস্থার মাধ্যমে ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করবে।
গতকালের অনুষ্ঠানে বলা হয়েছে, এ কর্মসূচির লক্ষ্য হবে নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ, শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, মৌলিক সেবা ও সামাজিক নিরাপত্তায় দরিদ্র জনগোষ্ঠীর সুযোগ সৃষ্টি করা এবং ভূমি ও সম্পদে তাদের অধিকার সমুন্নত রাখা।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, বাংলাদেশের উন্নয়ন বিশেষ করে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বেসরকারি সাহায্য সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্বাগত বক্তৃতায় মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ফাউন্ডেশন এমন একটি বাংলাদেশ দেখতে চায়, যেখানে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীসহ জনগণ মর্যাদা ও সুখ-সমৃদ্ধিতে বসবাস করতে পারে।
যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (ডিএফআইডি) এ দেশীয় প্রতিনিধি সারাহ কুক বলেন, বাংলাদেশ অনেক সামাজিক খাতে গুরুত্বপূর্ণ সাফল্য পেলেও অনেক মানুষই এখনো পিছিয়ে আছে। এদের সহায়তা করবে কোপ।
এনজিও অধিদপ্তরের মহাপরিচালক নুরুন্নবী তালুকদার, অসএইডের উন্নয়নবিষয়ক প্রধান প্রিয়া পাওয়ের অনুষ্ঠানে বক্তৃতা করেন।