দরিদ্র জানবালা ও ফুলির কপালে জোটেনি কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সইরে ফুলি,জানবালা বর্মণ
সইরে ফুলি,জানবালা বর্মণ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পৌর শহরের সওদাগরপাড়া এলাকার সইরে ফুলি (৭০) হতদরিদ্র নারী। স্বামী মারা গেছেন। এখন ভিক্ষা করে দিন চলে। তাঁর কপালে জোটেনি বয়স্ক বিধবা ভাতার কার্ড।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বনকুড়া গ্রামের জানবালা বর্মণও (৭৩) হতদরিদ্র। তাঁরও স্বামী মারা গেছেন। তাঁর কপালেও বয়স্ক অথবা বিধবা ভাতার কার্ড জোটেনি।
সওদাগরপাড়া এলাকার কয়েকজন বলেন, ১৩ বছর আগে সইরে ফুলির স্বামী আবুল মিয়া মারা যান। তিনি দিনমজুর ছিলেন। তাঁর চার মেয়ে, এক ছেলে। মেয়েদের বিয়ে হয়েছে। ছেলে মানসিক রোগী। এখন নিখোঁজ রয়েছেন। এলাকার মোকছেন আলী নামের এক ব্যক্তির জমিতে ছাপরা নির্মাণ করে থাকেন ফুলি। ভিক্ষা করে যা জোটে, তা-ই দিয়ে চলেন। বর্তমানে হাঁটাচলা করা তাঁর পক্ষে কষ্টকর হয়ে পড়েছে।
সইরে ফুলি বলেন, ‘ঠিকমতো হাঁটতে-চলতে পাইনে। ভিক্ষাও করতে পাই না। অনেক দিন না খাইয়ে থাকতে হয়। মেয়েরা খুঁজ নেই না। একটা কার্ডের জন্য উপজেলা পরিষদ ভবনে অনেকবার গেছি। লাভ হয়নি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার গত বৃহস্পতিবার বলেন, বিষয়টি জানা ছিল না। দ্রুত ওই বৃদ্ধাকে বয়স্ক ভাতার কার্ড দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিকি বলেন, ‘ওই নারীর সম্পর্কে জানার পর খোঁজখবর নেওয়া হয়েছে। তাঁকে ব্যক্তিগতভাবে কিছু সাহায্য করেছি। সরকারিভাবে সব ধরনের সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
নালিতাবাড়ীর জানবালার স্বামী মারা গেছেন ২৫ বছর আগে। দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে এক ছেলে মারা গেছেন। দুই ছেলে-মেয়ে বিয়ে করে আলাদা হয়ে গেছেন। ছোট মেয়ে জামালপুর শহরে বাসা-বাড়িতে কাজ করেন। সেই মেয়ের পাঠানো সামান্য অর্থে জানবালার জীবন চলে। বড় ছেলে দিনমজুরের কাজ করে তাঁর চার সদস্যের সংসার চালান।
বৃহস্পতিবার জানবালা বলেন, ‘অসুস্থ মানুষ। বয়সের কারণে শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। শরীলে তেমন শক্তি পাই না। জমিজমা বলতে কিছু নাই। ভাঙা ঘরে থাহি। বয়স্ক ও বিধবা ভাতার কার্ডের লাইগা নেতার কাছে, মেম্বরের কাছে কতবার গেছি। লাভ অইছে না। হুনছি কার্ড পাইতে নাহি তিন হাজার টেহা দেওন লাগে। হেই টেহা দেওনের সামর্থ্য আমার নাই। যদি বাবা একটা কার্ডেও ব্যবস্থা কইরা দিবার পাইতা। তাইলে বিরাট উপকার অইত।’
প্রতিবেশী সমিতা রানী (৬০) বলেন, ‘এই বয়সে যদি কার্ড না পায়, তাইলে বয়স্ক ভাতার কার্ড কাগর লাইগা। এই অসহায় মানুষটা একডা কার্ড পাইলে দুই বেলা চাইডা খাওনের নিশ্চয়তা অইত।’
নন্নী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমি জনপ্রতিনিধি হওয়ার পর কোনো বয়স্ক ও বিধবা ভাতার কার্ড পাই নাই। জানবালা সম্পর্কে আমি জানি। তিনি অসহায়। কার্ড পাওয়ার যোগ্য। কার্ড পেলেই তাঁর জন্য ব্যবস্থা করব।’
ইউপি চেয়ারম্যান এ কে এম মাহবুবুর রহমান গত শুক্রবার বলেন, ‘বিষয়টি জানা নেই। সংশ্লিষ্ট ইউপি সদস্যকে ওই নারীর খোঁজখবর নিয়ে জানাতে বলব। ১৫ দিনের মধ্যে তাঁর জন্য কার্ডের ব্যবস্থা করব।’
ইউএনও তরফদার সোহেল রহমান মুঠোফোনে শুক্রবার বলেন, ওই নারীর ব্যাপারে খোঁজ িনয়ে কার্ডের ব্যবস্থা করা হবে।