দরিদ্র দম্পতিরা পরিবার পরিকল্পনা কর্মসূচির আওতায় আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম ও শহরের অতি দরিদ্র দম্পতিদের পরিবার পরিকল্পনা কর্মসূচির আওতায় আনতে পারছে না সরকার। আর্থিক সংগতি প্রজনন হারকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করছে। ধনী পরিবারের তুলনায় দরিদ্র পরিবারে সন্তান জন্মদানের হার বেশি। গতকাল শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। মন্ত্রণালয় সভাকক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১০ উদ্যাপন উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়।রুহুল হক বলেন, ‘আমাদের দেশে ধনী পরিবারের চেয়ে দরিদ্র পরিবারের নারীদের গড়ে একটি সন্তান বেশি।’ তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের পাশাপাশি নতুন দম্পতি, দরিদ্র ও নিরক্ষর নারীদের চিহ্নিত করে তাদের কাছে পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দেওয়া জরুরি হয়ে পড়েছে।এক প্রশ্নের উত্তরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ূম বলেন, দেশের বিবাহিত দম্পতিদের শতভাগই জন্মনিয়ন্ত্রণের কোনো না কোনো পদ্ধতি সম্পর্কে জানে। তিনি আরও বলেন, সরকার দেশে পরিবার পরিকল্পনার অপূর্ণ চাহিদা (১৭ দশমিক ৬ শতাংশ) পূরণের পদক্ষেপ নিয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ূম বলেন, জনসংখ্যাবিষয়ক সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা জাতীয় জনসংখ্যা পরিষদের সর্বশেষ সভা হয় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকায় পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার কম, সেসব এলাকায় মাতৃ মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি। উদাহরণ হিসেবে তিনি বলেন, সিলেট বিভাগে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার সবচেয়ে কম, এই বিভাগে মাতৃ মৃত্যুহারও সবচেয়ে বেশি। অন্যদিকে রাজশাহী বিভাগে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার বেশি, এই বিভাগে মাতৃ মৃত্যুহার সবচেয়ে কম। তিনি আরও বলেন, পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার বাড়ানো গেলে অনাকাঙ্ক্ষিত মাতৃ ও শিশু মৃত্যুহার কমে আসবে।বিশ্ব জনসংখ্যা দিবস: আজ বিশ্ব জনসংখ্যা দিবস। পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও সরকারিভাবে দিনটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য ‘প্রতিটি জন্মই হোক পরিকল্পিত’। দিনটি উদ্যাপন উপলক্ষে সরকার রাজধানী ঢাকাসহ জেলা ও উপজেলাপর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী, বিশেষ স্বাস্থ্যসেবা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রেডিও-টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার, পরিবার পরিকল্পনা গণমাধ্যম পুরস্কার প্রদান ইত্যাদি।দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির কথা বলেছেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, আমাদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে অর্জিত সাফল্যকে আরও এগিয়ে নেওয়ার জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পরামর্শ ও সেবা কার্যক্রম জোরদার করতে হবে।