শরীয়তপুর সদর উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন প্রকল্পটির সুফল দরিদ্র ও নারীপ্রধান পরিবারের পাওয়ার কথা।উপকারভোগীদের তালিকায় আছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল ফজল মাস্টার, ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, আংগারিয়া ইউপির চেয়ারম্যান আবদুর রব হাওলাদারের স্বজনরা। আরও আছেন কয়েকজন ইউপি সদস্য।শরীয়তপুর পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুর সদর উপজেলার চারটি ইউনিয়নের ২০টি গ্রামের এক হাজার ২০০ পরিবারকে প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। এর মধ্যে গত জুন পর্যন্ত ১০০ জনকে ২০ হাজার টাকা মূল্যের গরু, ৪৪ জনকে ১০ হাজার টাকা মূল্যের টিন, ২১০ জনকে এক হাজার টাকা মূল্যের সবজি বীজ ও গাছের চারা দেওয়া হয়েছে।প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাষাণচর, পশ্চিম ভাষাণচর, চরযাদবপুর, দড়িচরদাদপুর, সিংঙ্গাইরা, চিতলিয়া ইউনিয়নের মীরাকান্দি, মজুমদারকান্দি, পশ্চিমপাড় পূর্বপাড়া, কাশিপুর মুসলিসপাড়া, ডোমসার ইউনিয়নের চর কোয়ারপুর, ডোমসার ভাসকরদি, ভর্তাইসার, কোয়ারপুর ফকিরকান্দি, চন্দ্রপুর ইউনিয়নের দড়িকান্দি, কীর্তিনগর, রায়পুর, চন্দ্রপুর ও গাজীপুর গ্রামে।প্রতিটি গ্রাম থেকে ৬০টি পরিবার নেওয়া হয়েছে। তারা প্রত্যেকে মাসে ২০০ টাকা করে সঞ্চয় জমা দেয় সমিতির মাধ্যমে। প্রকল্পের সমিতিভুক্ত সব সদস্যকে প্রকল্প থেকে পর্যায়ক্রমে আর্থিক সহায়তা দেওয়া হবে।যেসব গ্রামে দরিদ্র জনগোষ্ঠীর আধিক্য, সরকারি-বেসরকারি কর্মকাণ্ড কম, সেখানে প্রকল্পটি বাস্তবায়ন করার কথা। যাদের ভিটেবাড়িসহ চাষের সর্বোচ ৫০ শতাংশ জমি রয়েছে ও দরিদ্র, তারা এ প্রকল্পের সুবিধা পাবে। এ প্রকল্পে নারীদের অগ্রাধিকার দেওয়ার কথা রয়েছে ৩০ থেকে ৪০ ভাগ।খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্পের ২০ হাজার টাকা মূল্যের গরু পেয়েছেন শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল ফজল মাস্টারের ছোট ভাইয়ের ছেলে ফেরদৌস মাদবর, ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফার মামা মান্নান শিকদার, ফজল শিকদার, আবদুর রহমান শিকদার, মামাতো ভাই এনামুল শিকদার, চাচা কোব্বাস মোল্লা, চাচাতো ভাই রমি মোল্লা, নিজাম মোল্লা, বোনের দেবর জব্বার শিকদার, চাচাতো বোন ফজিতুন নেছা। আংগারিয়া ইউপি চেয়ারম্যান আবদুর রব হাওলাদারের ছোট ভাই এমরাত হাওলাদার, আংগারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মেছের সরদার, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রব মোল্লা, তাঁর বোন মেহের বানু। তাঁরা সবাই পারিবারিকভাবে সচ্ছল।বৃহস্পতিবার দড়িচরদাদপুর, চরযাদবপুর ও কোয়ারপুর গ্রামে গিয়ে দেখা যায়, সুবিধাভোগীদের ভিটেবাড়ি ছাড়াও কৃষিজমি রয়েছে। কৃষিজমি থেকে উৎপাদিত ফসলে তাঁরা সারা বছরের সংসারের ব্যয় নির্বাহ করেন। সবার বাড়িতেই ছয় থেকে আটটি গরু রয়েছে। এর মধ্যে অনেকের বাড়িতে পাকা ঘর রয়েছে। গ্রামগুলোতে কোনো দরিদ্র ব্যক্তি ও নারীদের প্রকল্পের সুবিধা প্রদান করা হয়নি।জানতে চাইলে উপজেলা ভাইস চেয়ারম্যানের আত্মীয় জব্বার সরদার ও রমি মোল্লা জানান, তাঁদের যে কৃষিজমি রয়েছে, তা থেকে উৎপাদিত ফসলে সারা বছরের সংসারের ব্যয় নির্বাহ হয়। তার পরও তাঁরা দরিদ্র। আংগারিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য আবদুর রব মোল্লা মুঠোফোনে বলেন, ‘আমি আওয়ামী লীগ করি, মাঠে আন্দোলন, মিছিল-মিটিংয়ে সময় ও শ্রম দিই। তাই একটু সুবিধা নিতেই পারি।’ আংগারিয়া ইউপি চেয়ারম্যান আবদুর রব হাওলাদার বলেন, ‘আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তাই সুবিধাভোগীদের নাম চূড়ান্ত করার সময় আমার মতামত নেওয়া হয়নি। উপজেলা ভাইস চেয়ারম্যান আমাকে খুশি করার জন্য আমার ছোট ভাইকে প্রকল্পের সুবিধা দিয়েছেন।’বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শরীয়তপুর কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক এ কে এম সফিকুল ইসলাম বলেন, গ্রামপর্যায় থেকে তালিকা প্রস্তুত করে উপজেলায় পাঠানো হয়েছে। উপজেলা চেয়ারম্যান তা চূড়ান্ত করেছেন। প্রকল্পটি বাস্তবায়ন করতে কোনো অনিয়ম থাকলেও তাঁদের চাপে কোনো ব্যবস্থা নিতে পারিনি।শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, প্রকল্প বাস্তবায়ন করতে কোনো প্রভাব খাটানো হয়নি। প্রকল্পটিতে কোনো অনিয়মও হয়নি। চেয়ারম্যান আবুল ফজল মাস্টার চিকিৎসাধীন থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ফেরদৌস প্রথম আলোকে জানান, এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে। আরও কিছু গ্রামে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তখন কোনো ধরনের অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না।