দরিদ্র পরিবারের সন্তানেরা মাদ্রাসায় বেশি পড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মাদ্রাসাগুলোর (আলিয়া ও কওমি) পরিচালনা কমিটির ৯২ শতাংশ ব্যক্তি কোনো না-কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। এর মধ্যে ৪০ শতাংশই জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। পলিটিক্যাল ইকোনমি অব মাদ্রাসা এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক গবেষণামূলক বইয়ে এই চিত্র তুলে ধরা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। বইটি বেশ আগে প্রকাশিত হয়েছে। এটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাতসহ পাঁচজন। প্রকাশ করেছে বেসরকারি সংস্থা নিজেরা করি, এএলআরডি, এইচডিআরসি ও র‌্যামন পাবলিশার্স।অনুষ্ঠানে আবুল বারকাত বইয়ের বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির প্রায় সবাই রাজনীতির সঙ্গে জড়িত। এর মধ্যে ২৯ শতাংশ জামায়াতে ইসলামী, ৬ শতাংশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (বর্তমান নাম ইসলামী আন্দোলন) ও ৫ শতাংশ খেলাফত মজলিস (তিনটি দল মিলে ৪০ শতাংশ), ২৭ শতাংশ বিএনপি, আওয়ামী লীগ ২২ শতাংশ ও ৩ শতাংশ জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। বাকি ৮ শতাংশের রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্ধারণ করা যায়নি।বইয়ে বলা হয়, ১৯৫০ সালে মাদ্রাসা ছিল মাত্র চার হাজার ৩৩০টি। ২০০৮ সালে এসে ওই সংখ্যা দাঁড়ায় ৫৪ হাজার ১৩০টি (আলিয়া মাদ্রাসা ১৪ হাজার ৫১৮টি ও কওমি মাদ্রাসা ৩৯ হাজার ৬১২টি)। বার্ষিক প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৬৫ শতাংশ। আর মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানে এই হার ৩ দশমিক শূন্য ৪ শতাংশ। মাদ্রাসাগুলোর ৮৭ ভাগই গ্রামে অবস্থিত।বইয়ে সামরিক শাসনের সময় মাদ্রাসার বৃদ্ধির চিত্র তুলে ধরে আবুল বারকাত বলেন, আইয়ুব খান, জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলে মাদ্রাসা বেড়েছে। এটা নির্দেশ করে যে গণতন্ত্রহীনতা শিক্ষাব্যবস্থাকে বিকৃত করে। বইটিতে দেখানো হয়েছে, দরিদ্র পরিবারের সন্তানেরা আনুপাতিক হারে মাদ্রাসায় বেশি পড়ে। শিক্ষার্থীদের মধ্যে ৬৭ শতাংশই নিরঙ্কুশ দরিদ্র পরিবারের। ২০০৮ সালে মাদ্রাসায় শিক্ষার্থী ছিল এক কোটি। অথচ ১৯৫০ সালে এই সংখ্যা ছিল ১০ লাখ। অর্থাৎ এই সময় শিক্ষার্থীসংখ্যা বেড়েছে ১০ গুণ।আবুল বারকাত বলেন, দরিদ্র পরিবারের সন্তানদের বেশি আগ্রহ নির্দেশ করে রাষ্ট্র তাদের সরকারি মূলধারার শিক্ষায় আনতে ব্যর্থ হয়েছে। মাদ্রাসা-শিক্ষার্থীদের বেকারত্ব ও আর্থিক ব্যয়ের চিত্র তুলে ধরে বলা হয়, এতে জাতীয় সম্পদের অপচয় বাড়ছে। একই সঙ্গে ধর্মভিত্তিক রাজনীতির বিকাশ হচ্ছে, জঙ্গিবাদের ক্ষেত্র উর্বর করছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ইতিহাসবিদ এ এফ সালাহ উদ্দিন আহমেদ বলেন, তুলনা করলে দেখা যায়, অন্যান্য শিক্ষার চেয়ে মাদ্রাসাশিক্ষায় অনেক ঘাটতি রয়েছে।নিজেরা করির সমন্বয়কারী খুশী কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহেদা আহমদ, কাজী নুরুল ইসলাম, আমেনা মোহসীন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ ও এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।