
ব্যবসার জন্য চিড়া-খই আনতে গিয়েছিলেন। পথেই বোমা বিস্ফোরণের শিকার হন। প্রায় আট দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু এখনো উঠে দাঁড়াতে পারেন না। বিছানাতেই শুয়ে-বসে সময় কাটছে। তা ছাড়া মানুষের সাহায্য-সহযোগিতায় চলছে সংসার। চিকিৎসা করানোর সামর্থ্য নেই। সুস্থ না হলে সংসার চলবে কী করে, তাই ভেবে দিশেহারা তিনি।
তাঁর নাম বিপ্লব পাল (৪০)। বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ দক্ষিণভাগ পালপাড়া গ্রামে। তিনি এলাকার বিভিন্ন চা-বাগান, বিভিন্ন ধরনের মেলা, ওয়াজ-মাহফিলসহ বিভিন্ন উৎসবে ঘুরে ঘুরে চিড়া-খই বিক্রি করেন। সংসারের খরচ জোগান। তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
গত সোমবার জানতে চাইলে বিপ্লব পাল প্রথম আলোকে বলেন, ২৪ মার্চ সন্ধ্যার দিকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি-সংলগ্ন পৈতপাড়া গ্রামে গিয়েছিলেন অসুস্থ ভাইয়ের মেয়েকে দেখতে। উদ্দেশ্য, ভাতিজিকে দেখা এবং ব্যবসার জন্য সিলেট থেকে চিড়া-খই কিনে নিয়ে আসা। পরদিন ২৫ মার্চ বিকেলে ভাতিজির বাড়ি থেকে বেরিয়ে সিলেটের উদ্দেশে রওনা হন। কিন্তু শিববাড়ি এলাকায় এসে পুলিশি বাধার মুখে পড়েন। দাঁড়িয়ে অপেক্ষা করেন। সন্ধ্যার দিকে ব্যারিকেড কিছুটা শিথিল হলে দেখেন কিছু লোক চলাফেরা করছে। অন্য কয়েকজনের সঙ্গে তিনিও হুমায়ূন চত্বরের দিকে এগিয়ে যান। সন্ধ্যা সাতটার দিকে শিববাড়ি ও হুমায়ূন চত্বরের মাঝামাঝি স্থানে পৌঁছান। তখন হঠাৎ বাজ পড়ার মতো শব্দ শোনেন। এরপর মাটিতে লুটিয়ে পড়েন। পরে বুঝতে পারেন তাঁকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৫ মার্চ শিববাড়ি এলাকার আতিয়া মহলে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছিল। আতিয়া মহলের বাইরে বোমা বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের একজন হলেন বিপ্লব পাল। তাঁকে ১ এপ্রিল হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়। এরপর বাড়ি চলে আসেন। তাঁর দুই পা ও ডান হাতে বোমার স্প্লিন্টার এবং মাথা, চোখের নিচসহ শরীরের বিভিন্ন স্থানে কাচের টুকরো বিদ্ধ হয়। হাসপাতালের চিকিৎসক তাঁকে ১৫ দিন পর আবার যেতে বলেছেন।
কিন্তু শুয়ে-বসে সময় কাটছে বিপ্লবের। আয়ের পথ বন্ধ। তিনি বলেন, এলাকার হিন্দু-মুসলমান সবাই সাধ্যমতো সাহায্য করছেন। কিন্তু এভাবে কত দিন? তা ছাড়া উন্নত চিকিৎসা দরকার।
দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল হক বলেন, বিপ্লবের শরীরের অবস্থা খুবই খারাপ। চিকিৎসা করানোর সামর্থ্য নেই। খই-চিড়া বিক্রি করে সংসার চালায়। এখন এলাকাবাসী সহযোগিতা করছে। এখনো সরকারি কোনো সাহায্য মেলেনি।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা তাঁর জন্য কিছু ব্যবস্থা নিচ্ছি। উপজেলা পরিষদ থেকে আর্থিক সহযোগিতা হিসেবে ১৫-২০ হাজার টাকা ও একটা সেলাই মেশিন দেব। পাশাপাশি স্বরাষ্ট্রসচিবের কাছে আবেদন করতে বলেছি। এ ছাড়া হুইপ মহোদয়ের (জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করতে বলা হয়েছে। যাতে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকেও সহযোগিতা পাওয়া যায়। বেসরকারিভাবেও বিত্তবানদের এগিয়ে আসা দরকার।’