দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩২ জন বিশেষজ্ঞ চিকিৎসক গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুরে চিকিৎসাবঞ্চিত দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন।
সরেজমিনে গতকাল দুপুরে দেখা যায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর খেলার মাঠে উপজেলার নয়টি ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভার বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী-পুরুষ, শিশুরা বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের দেখে ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান আবু জাফর চৌধুরী বলেন, গত দুই বছর ধরে সরকারি ছুটির দিনে দুই মাস পর পর গ্রামের দরিদ্র মানুষের চিকিৎসাসেবা দিতে ছুটে আসি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
গতকাল এক হাজার ৭০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া ও ওষুধ বিতরণ করা হয়েছে।
স্থানীয় সাদিপুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ও হোসনা বেগম জানান, গত দুই মাস আগেও এসব চিকিৎসক আমাদের চিকিৎসা ও ওষুধ দিয়েছেন। এখন আমরা সুস্থ। আমাদের আত্মীয়স্বজনদের তাই চিকিৎসা করানোর জন্য নিয়ে এসেছি।