দরিদ্র মানুষের আইনি সহায়তায় বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র মানুষ যাতে সহজে আইনি সেবা পায় এ জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও এ কাজে এগিয়ে আসতে হবে। সবাই মিলে কাজ করলে দেশের দরিদ্র মানুষের ওপর অবিচার কমে আসবে। একইভাবে মামলার সংখ্যাও কমবে।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের লালখানবাজার এলাকার একটি রেস্তোরাঁয় বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার (ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন) ‘কমিউনিটির আইনি সহায়তা’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

ইপসার ‘কমিউনিটি লিগ্যাল সার্ভিস ফর অ্যাকসেস টু জাস্টিস’ প্রকল্পের আওতায় এ প্রকাশনা বের করা হয়। অনুষ্ঠানে প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সি মো. মশিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এ বি এম আবু নোমান, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ইদ্রিস আলম, চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান।

বক্তারা অনুষ্ঠানে বলেন, আইনি সহায়তা নিয়ে ইপসার প্রকল্পটি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ছয়টি উপজেলায় চলছে। এই কার্যক্রমের পরিধি বাড়ানো গেলে দরিদ্র মানুষের আরও উন্নতি হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইপসার পরিচালক মো. মাহাবুবর রহমান। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্পের সমন্বয়কারী মো. আবদুস সবুর।