ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ বলেছেন, সাধারণ ব্যবসা মুনাফা অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়। কিন্তু সামাজিক বাণিজ্য জনগণ, পৃথিবী ও মুনাফা—এই তিনটি বিষয় কেন্দ্র করে গড়ে ওঠে। বাংলাদেশে সামাজিক বাণিজ্য বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে। ফজলে হাসান আবেদ দেশে দরিদ্র মানুষের উন্নয়নের লক্ষ্য নিয়ে সামাজিক বাণিজ্য প্রতিষ্ঠা করার তাগিদ দেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত ‘বাংলাদেশে সামাজিক বাণিজ্য উন্নয়ন’বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অস্ট্রেলিয়াভিত্তিক সংস্থা ফাউন্ডেশন অব ডেভেলপমেন্ট কো-অপারেশন (এফডিসি) ও যুক্তরাজ্যভিত্তিক সংস্থা লিব্রা অ্যাডভাইজরি গ্রুপ সেমিনার আয়োজনে সহায়তা করেছে। রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ সেমিনারে বিইআইয়ের সভাপতি ফারুক সোবহান সভাপতিত্ব করেন। সেমিনারে এফডিসি ও লিব্রার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে স্বাস্থ্য, নেতৃত্ব বিকাশ, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়েও আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় ফজলে হাসান আবেদ বলেন, ব্র্যাক প্রশিক্ষণ দিয়ে নেতৃত্ব বিকাশ, ঋণদানের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং নারীদের উন্নয়নে কাজ করা ছাড়াও নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে।ফজলে হাসান আবেদ বলেন, ব্র্যাক অনেক দেশের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্য নিয়ে সামাজিক বাণিজ্য শুরু করেছে। এর মধ্যে উন্নত জাতের বীজ তৈরি, গ্রামের দরিদ্র মানুষকে পশুপালনে সহায়তা দিয়ে তাদের কাছ থেকে দুধ কিনে এনে শহরে বিক্রিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে।