
২২ বছরের রিনা আক্তার সদ্য মা হয়েছেন। এখন তিনি প্রসব-পরবর্তী কয়েক ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। এ কারণে তিনি এসেছেন চিকিৎসকের কাছে। চিকিৎসক তাঁর সমস্যার কথা শুনে ব্যবস্থাপত্র লিখে দিলেন।
গত বৃহস্পতিবার মালিবাগের গুলবাগে নগর স্বাস্থ্যকেন্দ্র-৪-এ চিকিৎসাসেবা নিতে এসেছিলেন রিনা আক্তার। নারী, শিশুসহ দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্প খরচে সেবা দিতে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস প্রজেক্টের ব্যবস্থাপনায় স্বাস্থ্যকেন্দ্রগুলো চলে। আর কেন্দ্রগুলো পরিচালনা করছে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে এই নগর স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান। এখানে মূলত প্রজনন স্বাস্থ্যসেবা, শিশু স্বাস্থ্যসেবা ও সংক্রামক রোগসমূহ নিয়ন্ত্রণে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া নির্যাতিত নারীদের সহায়তাও দেওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্র-সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত দরিদ্র জনগোষ্ঠীই এখানে চিকিৎসা নিতে আসে।
দরিদ্র পরিবারের গৃহবধূ রিনা আক্তার জানান, তাঁদের পরিবারের সব সদস্যই এখানে চিকিৎসা নেয়।
দুই বছর বয়সী সন্তানকে নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলেন গৃহবধূ সোনিয়া আক্তার। তিনি বলেন, ‘অসুখ হলে আমরা এখানে আসি। এটাই আমাদের ভরসা।’
চার বছর ধরে স্বাস্থ্যকেন্দ্রটিতে চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসক নাসিমা খান। তিনি বলেন, ‘সব ধরনের মানুষকে প্রাথমিক চিকিৎসাসেবা দিই। গুরুতর কোনো শারীরিক সমস্যা বা জটিলতা নিয়ে রোগী এলে এখানে চিকিৎসা না দিয়ে নগর মাতৃসদন বা অন্য কোনো হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তবে অনেকেই চোখ ও কানের সমস্যা নিয়ে আসেন, তাঁদের সেবা দেওয়া যায় না।’
নাসিমা খান বলেন, এখানে চিকিৎসা নিতে আসা বেশির ভাগ মা ও শিশু অপুষ্টি এবং রক্তশূন্যতায় আক্রান্ত থাকে।
নগর স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার সব রকম ব্যবস্থা থাকলেও সেবাটা সহজ ও নিশ্চিত করতে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রামের ব্যবস্থা দরকার বলে মনে করেন নাসিমা খান।
খোঁজ নিয়ে জানা গেছে, এই স্বাস্থ্যকেন্দ্রে আগে মাসিক নিয়মিতকরণ বা এম আর করা হতো। তবে মাস চারেক থেকে সেবাটি বন্ধ। এর কারণ হিসেবে পিএ-৫-এর প্রকল্প ব্যবস্থাপক সাজেদুল হক বলেন, জটিলতা এড়াতে এখন মাতৃসদনে এই সেবা দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, ছোট্ট পরিসরের স্বাস্থ্যকেন্দ্রটিতে তেমন রোগী নেই। ঈদ-পরবর্তী সময় বলে রোগীর সংখ্যা এখন তুলনামূলক কম বলে জানায় কর্তৃপক্ষ। তাদের হিসাব অনুযায়ী, গত বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত ২৯ জন রোগী সেবা নিয়েছে। এর মধ্যে ৪ জন পুরুষ ও ৩টি শিশু। অন্য সময়ে গড়ে দৈনিক ৫০-৬০ জন রোগী সেবা নেয়।
লাখখানেক মানুষের ওয়ার্ডে সেবা নেওয়া রোগীর এই সংখ্যাকে কম বলে মনে করেন ডিএসসিসির ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার। এর কারণ হিসেবে তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রটির অবস্থান ওয়ার্ডের একপাশে। রাস্তাঘাটও তেমন ভালো না। পাশাপাশি, অবস্থাসম্পন্ন মানুষেরা এখানে চিকিৎসা কম নেন।
নগর স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের একটা উল্লেখযোগ্য অংশ আসে প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ে পরামর্শ নিতে। শিশুদের খাবারের সম্পর্কে জানতেও অনেক মা আসেন। তাঁদের পরামর্শ দেন কাউন্সেলর রওশন আরা। ২০০০ সাল থেকে তিনি এ সেবা দিয়ে আসছেন।
রওশন আরা বলেন, ‘এখানে মূলত দরিদ্র রোগীরা আসে। কোনো জটিলতা না হলে বাড়িতেই সন্তান প্রসব করাতে চায় তারা। হাসপাতালে সন্তান প্রসব করানোর ব্যাপারে তারা এক ধরনের আতঙ্কে ভোগে। এ বিষয়ে সচেতন করতে তাদের পরামর্শ দেওয়া হয়।’
স্বাস্থ্যকেন্দ্রের প্যারামেডিক শিউলি আক্তার টিকা দেওয়ার পাশাপাশি শিশুদের শারীরিক বৃদ্ধিও পর্যবেক্ষণ করেন। তাঁর কাজের অংশ হিসেবে গত আগস্টে ৫৮টি শিশুকে পর্যবেক্ষণ করেন তিনি। এসব শিশুর বয়স এক বছরের নিচে। এর মধ্যে কেবল ৬টি শিশু অপুষ্টিতে ভুগছে।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রটি খোলা থাকে। স্বাস্থ্যকেন্দ্রে ৪৫ টাকা টিকিটে চিকিৎসা নেওয়া যায়। বাজারমূল্য থেকে ১০ শতাংশ কম দামে ওষুধ কেনার সুবিধা রয়েছে। এই স্বাস্থ্যকেন্দ্রের অধীনে নিম্নবিত্ত পরিবারের ২ হাজার ২৮১ জন মানুষকে লাল কার্ডের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়।