দরিদ্র মেধাবী ২৩০ শিক্ষার্থীকে ম্যাডোনা গ্রুপের সহায়তা
দারিদ্র্য কিংবা পারিবারিক অবহেলা, কিছুই তাদের আগ্রহ দমিয়ে রাখতে পারেনি। সব বাধা বিঘ্ন কাটিয়ে বিজয়ীর হাসি হেসেছে তারা। এরা সবাই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তাদের পরবর্তী শিক্ষায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ম্যাডোনা গ্রুপ।
আজ সোমবার রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে ম্যাডোনা গ্রুপের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৩০ জন গরিব কিন্তু মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা দেন। অতিথিদের নিয়ে শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক ও বই তুলে দেন তিনি।
এর আগে দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতায় ম্যাডোনা গ্রুপের এই উদ্যোগকে অসাধারণ উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, ‘বেসরকারি এ ধরনের উদ্যোগ দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক শিক্ষার্থীদের উত্সাহ দিয়ে বলেন, ‘শিক্ষা হচ্ছে পরশপাথর। যা-ই করো না কেন, শিক্ষাকে অবহেলা কোরো না। কারণ, ভালো ফলাফলই তোমাদের ভবিষ্যত্ জীবনের পাথেয়।’
অনুষ্ঠানে সাঈদ আজহারের সঞ্চালনায় নিজেদের জীবন সংগ্রামের অভিজ্ঞতা জানায় শিহাব, সালমা, ইমরান, রেহানাসহ কয়েকজন শিক্ষার্থী।
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ‘বড় হয়ে দেশকে ছেড়ে যেও না, দেশের জন্য কিছু হলেও করার চেষ্টা কোরো।’
বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বলেন, ‘প্রাথমিক পর্যায়ের সামান্য সাহায্যও ভবিষ্যেক অনেক দূর এগিয়ে নেয়। ম্যাডোনা গ্রুপের এই সাহায্যকে তোমাদের শিক্ষাজীবনের পথে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, একে ভুলে যেও না। ভবিষ্যতে পারলে তোমরা অন্তত একজন গরিব শিক্ষার্থীকে আর্থিক সাহায্য কোরো।’
স্বাগত বক্তব্যে গ্রুপের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা যেভাবে বা যে অবস্থাতেই জীবন যাপন করো না কেন, তোমরা নিজেদের মেধাবী হিসেবে প্রমাণ করেছ। তোমাদের কাছ থেকে দেশ যেন কিছু পায়, ভবিষ্যতে সেটি লক্ষ রাখবে।’
দিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।