দরিদ্র মেধাবীকে সাইকেল উপহার দিলেন ডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী আনোয়ার হোসেন। সম্প্রতি তিন মেলায় সে আইসিটি, ভাষা আন্দোলন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ৩৯টি প্রশ্নের ৩৭টির সঠিক উত্তর দেয়। দরিদ্র এই মেধাবী শিক্ষার্থী প্রতিদিন পাঁচ কিলোমিটার পথ হেঁটে মাদ্রাসায় আসে।
আনোয়ারের ওই প্রতিভায় মুগ্ধ হয়ে ও তার কষ্টের কথা জেনে জেলা প্রশাসক (ডিসি) খান মো. নুরুল আমিন গতকাল বুধবার তাকে মাদ্রাসায় যাওয়া-আসার জন্য একটি বাইসাইকেল দেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তবারক উল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহা. নূর বখত।
ওই আলিয়া কামিল মাদ্রাসা ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ডিজিটাল উদ্ভাবনী মেলায় আইসিটির ওপর, একুশে বইমেলায় ভাষা আন্দোলনের ওপর এবং ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে (বিজ্ঞান মেলা) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের ওপর মোট ওই ৩৯টি প্রশ্নের ৩৭টি সঠিক উত্তর দেয় আনোয়ার। এসব প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য শিক্ষার্থীদের কেউ অর্ধেক প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারেনি। ওই তিন মেলায় দর্শক হিসেবে ছিলেন ডিসি খান মো. নুরুল আমিন। আনোয়ারের এ প্রতিভা দেখে ব্যক্তিগতভাবে তাকে মাদ্রাসায় যাতায়াত করতে একটি বাইসাইকেল কিনে দেন ডিসি।
আনোয়ার কুড়িগ্রাম পৌরসভার পলাশবাড়ী পশ্চিমপাড়া গ্রামের ওমর ফারুকের ছেলে। সাইকেল পেয়ে আনোয়ার বলে, ‘আমার বাবার সাইকেল কিনে দেওয়ার সামর্থ্য নেই। তাই পাঁচ কিলোমিটার পথ হেঁটে মাদ্রাসায় যাই। আমার পড়াশোনা করতে ভালো লাগে। হাতের কাছে যা পাই পড়ি। কোনো প্রশ্নের উত্তর না পেলে অন্যের কাছে জেনে নিই। এভাবে শিখছি। আমি লেখাপড়া করে ভবিষ্যতে একজন কম্পিউটার প্রকৌশলী হতে চাই।’
এ প্রসঙ্গে ওই মাদ্রাসার অধ্যক্ষ মুহা. নূর বখত বলেন, ‘আনোয়ারের মতো অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী এ মাদ্রাসায় পড়ে। তাদের প্রতিভা বিকাশের জন্য ডিসি মহোদয়ের মতো সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।’