দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রোগীদের অধিকার প্রতিষ্ঠা ও চিকিৎসার্থে তাঁদের আর্থিক সহায়তা দিতে সমাজের সবার প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন। একই সঙ্গে চিকিৎসকদের প্রতিদিন অন্তত একজন দরিদ্র রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।
এতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এ দেশে স্বাস্থ্যসেবায় জনপ্রতি বরাদ্দ মাত্র ৩৯০ টাকা। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী তা হওয়া উচিত জনপ্রতি ২ হাজার ৬৫২ টাকা। আবার স্বাস্থ্যব্যয়ও ক্রমাগত বেড়েছে, যা ১৫ বছর আগের তুলনায় প্রায় চার গুণ বেশি। তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাঁদের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় জানানো হয়, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে যারা জটিল রোগ যেমন ক্যানসার, হৃদ্রোগ, কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত এবং অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাঁদের জন্য পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন অর্থ, সেবা ও তথ্য দিয়ে সহায়তা দেবে। যে কেউ প্রতি মাসে ২০০ টাকা দিয়ে সদস্য হয়ে এ উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহ্ বলেন, ‘গরিবেরা সব জায়গায় নিগৃহীত। তাই গরিবদের চিকিৎসায় সহায়তা করতেই এই উদ্যোগ।’ তিনি সমাজের সচ্ছল জনগোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান জানান।
পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক কাজী শহিদুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক রাকিবুল ইসলাম লিটু, পোস্টগ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সোহরাব আলী প্রমুখ বক্তব্য দেন।