দরিদ্র ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য সরকার শিক্ষা-সহায়তা তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা-সহায়তা ট্রাস্ট তহবিল আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এই তথ্য জানান।প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য কল্যাণ তহবিল গঠনের জন্য আইন প্রণয়নের নির্দেশ দিয়েছিলেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এই কল্যাণ তহবিলে কোনো ব্যক্তি আর্থিক অনুদান দিলে তা করের আওতামুক্ত থাকবে।সূত্র জানায়, শিক্ষা-সহায়তা তহবিল পরিচালনা বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক হবেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী পদাধিকারবলে পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন। ১৯ সদস্যবিশিষ্ট বোর্ডে শিক্ষামন্ত্রী সভাপতি থাকবেন। একজন ব্যবস্থাপনা পরিচালক মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ট্রাস্টের সদস্যরা হবেন: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, শিক্ষাসচিব, অর্থসচিব, পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, এফবিসিসিআইয়ের সভাপতি, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সরকারের মনোনীত দুজন শিক্ষাবিদ। ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে কাজ করবেন। সদস্যদের মেয়াদ হবে তিন বছর। কমপক্ষে প্রতি তিন মাসে বোর্ডের একটি সভা হবে।ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে স্নাতক বা সমমান পর্যন্ত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি ও উপবৃত্তি দেওয়া হবে।খসড়া আইন অনুযায়ী, এই ট্রাস্টের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে সরকারি বা বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তশালীদের সম্পৃক্ত করা হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধসহ গুণগত মান নিশ্চিত করা হবে ট্রাস্টের অন্যতম কাজ। স্থানীয় সরকারের দেওয়া অনুদান, বিভিন্ন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের (ব্যাংক, বিমা ইত্যাদি) আর্থিক সহায়তা, লটারি, সমাজের বিত্তবান ও ব্যবসায়ীদের অনুদান, প্রবাসীদের আর্থিক সহায়তা, সরকার অনুমোদিত বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার মঞ্জুরি এবং দেশি-বিদেশি উত্স থেকে এই তহবিলে অর্থ জমা দেওয়া যাবে। কেবল উচ্চশিক্ষা ও গবেষণা হবে: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা করানো হবে না। অর্থাত্ এমবিবিএস পড়ানো হবে না। কেবল উচ্চশিক্ষা ও গবেষণা হবে এই বিশ্ববিদ্যালয়ে। এ-সংক্রান্ত একটি সংশোধনী প্রস্তাব গতকালের মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী তা নাকচ করে দেন। পরে সংশোধনীটি প্রত্যাহার করে নেওয়া হয়।