দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় নীতিমালা করছে সরকার
স্কুল-কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সুনিশ্চিত করতে তাদের আর্থিক সহায়তা দিতে একটি নীতিমালা তৈরি করবে সরকার। এ ছাড়া কোনো দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদেরÿসহায়তা দিতেও নীতিমালা তৈরি হচ্ছে।
গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। খবর বাসসের।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, স্কুল-কলেজে গরিব ও মেধাবীদের ভর্তি নিশ্চিত করতে আর্থিক সহায়তা প্রদান নীতিমালা শিক্ষার্থীদের ঝরে পড়া কমাবে। সভায় ভাষণকালে প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকার সিড মানির এ ট্রাস্ট গঠনের উদ্যোগ নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক বিতরণের মতো দেশব্যাপী একটি নির্দিষ্ট দিনে শিক্ষার্থীদের এ ট্রাস্টের অর্থ দেওয়া হবে। তাঁর সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দারিদ্র্য নির্মূলে একটি শিক্ষিত জাতি গঠন করা। দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে শিক্ষার কোনো বিকল্প নেই। এ জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের দূরবর্তী স্থানে অবস্থিত স্কুলগুলোর শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার মেধাবী ও দরিদ্র ছাত্রীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে সহায়তার জন্য ২০১২-১৩ অর্থবছরে এক হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করে। পরবর্তী ২০১৩-১৪ অর্থবছরের এ কর্মসূচিতে ছাত্রদেরও অন্তর্ভুক্ত করা হয়। এ কর্মসূচির আওতায় ট্রাস্টের অর্থ আমানতকৃত পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তির টাকা দেওয়া হচ্ছে।
২০১২-১৩ অর্থবছরে ১ লাখ ১৬ হাজার ছাত্রীকে প্রায় ৭৩ কোটি টাকা এবং ২০১৩-১৪ অর্থবছরে ১ লাখ ৭৪ হাজার ৪৪৬ জন ছাত্রছাত্রীকে ৯৮ কোটি টাকার বৃত্তি দেওয়া হয়।