জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল বিশ্বের দরিদ্রতম ২০ শতাংশ পরিবারের শিশুদের পাঁচ বছরে পৌঁছানোর আগে মৃত্যুঝুঁকি ধনীতম ২০ শতাংশ পরিবারের শিশুদের তুলনায় দ্বিগুণ বেশি। ধনী পরিবারের তুলনায় দরিদ্র পরিবারের শিশুদের কম ওজন ও খর্বাকায় হওয়ার হারও বেশি।‘লক্ষ্য অর্জনে বৈষম্য দূর’ (নেরোয়িং দ্য গ্যাপস্ টু মিট দ্য গোলস্) ও ‘শিশুর জন্য অগ্রগতি: সমতার মাধ্যমে এমডিজি অর্জন’ (প্রোগ্রেস ফর চিলড্রেন: এচিভিং দ্য এমডিজিস উইথ ইক্যুইটি) শীর্ষক দুটি প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রতিবেদন দুটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে লিঙ্গসমতা অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও মেয়েশিশু ও তরুণীরা উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার সুযোগ পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছে। অপর দিকে পৃথিবীর ৮৮ কোটি মানুষ সুপেয় পানির সুযোগ থেকে বঞ্চিত, তাদের ৮৪ শতাংশই বাস করে গ্রামাঞ্চলে।ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে পিছিয়ে থাকা শিশুদের জন্য দ্রুত তহবিল জোগানোর মাধ্যমে বিশ্বসম্প্রদায় কয়েক কোটি শিশুর জীবন রক্ষা করতে পারে। এ পদক্ষেপ নেওয়া হলে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের সঙ্গে সঙ্গে সমাজে বৈষম্য সৃষ্টির প্রবণতা কমে আসবে। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক প্রয়াস ব্যাপক সাফল্য পেলেও আগামী পাঁচ বছরে আরও অনেক কিছু করতে হবে।