রাজধানীর মালিবাগে সিটি ডেন্টাল কলেজে শিক্ষানবিশ চিকিত্সকদের দ্বারা সঞ্চিতা নামে দরিদ্র এক শিশুর সামনের পাটির দুটি দাঁত তুলে ফেলার অভিযোগ অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে এ সংক্রান্ত প্রচারিত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে করেছে সিটি ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে কলেজটির চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক এ এস এম বদরুদ্দোজা বলেন, সঞ্চিতাকে নিয়ে তার মামা কলেজে এসেছিলেন তার দুধদাঁত তোলার জন্য। শিশুটি চলে যাওয়ার পর বস্তির কিছু ‘উচ্ছৃঙ্খল লোক’ হাসপাতালে এসে শিশুটিকে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে হইচই করতে থাকে। এর একপর্যায়ে র্যাবের কিছু সদস্য সেখানে আসেন।প্রসঙ্গত, গত সোমবার শিক্ষার্থীরা বস্তির এক শিশুর দাঁত তুলে ফেলার পর থেকে বস্তিতে নানা গুজব রটিয়ে পড়ে। শিশুটির বাবা-মা ও বস্তিবাসীর অভিযোগ, শিক্ষানবিশ চিকিত্সকেরা চর্চার অংশ হিসেবে শিশুটিকে ধরে নিয়ে তার দুটি ভালো দাঁত তুলে ফেলেছে।