দরিদ্র হলেও উপবৃত্তিবঞ্চিত
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে না। শহরের বাসিন্দা বলে তাদের উপবৃত্তি দেওয়া হচ্ছে না। যদিও এখানে আশ্রয়ণ কেন্দ্র, মালোপাড়া, মুচিপাড়ায় হতদরিদ্র পরিবারের অনেক শিক্ষার্থী আছে।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৫৫টি। এর মধ্যে পৌর এলাকায় ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ২ হাজার ৭১৭ জন।
উপবৃত্তির নীতিমালায় বলা হয়েছে, পৌর এলাকার বাইরের বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাসে ১০০ টাকা করে, একই পরিবারের দুজন হলে ১২৫ টাকা করে উপবৃত্তি পাবে। উপবৃত্তি পেতে হলে ৮৫ শতাংশ ক্লাসে উপস্থিতি থাকতে হবে। প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নিয়মিত উপস্থিতি বাড়ানো, ঝরে পড়া রোধ, দরিদ্র পরিবারকে সহায়তা ও প্রাথমিক শিক্ষা সমাপ্তি করাতে এ উপবৃত্তি দেওয়া হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান জানান, পৌর এলাকার শিক্ষার্থীরা শহরের বাসিন্দা। এ নীতিমালায় সরকার থেকে তাঁদের উপবৃত্তি দেওয়া হয় না।
এসব বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা জানান, পৌর এলাকার মধ্যে দুটি গুচ্ছগ্রাম ও একটি আশ্রয়ণ কেন্দ্র আছে। এ ছাড়া বেদেপাড়া, মুচিপাড়া, ঋষিপাড়া, বুনোপাড়া, সরদারপাড়া, মালোপাড়া, বাউতিপাড়া, রিফিউজি পাড়া, জেলেপাড়া রয়েছে এবং কামার ও কুমার সম্প্রদায় এখানে বসবাস করে।
মাইটকুমড়া-মিতালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল হক বলেন, ‘আমার বিদ্যালয়ের সঙ্গেই রয়েছে মাইটকুমড়া গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ কেন্দ্র। এখানের হতদরিদ্র ছেলেমেয়েরাই আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী। এরা বিদ্যালয়ে না এসে শিশুশ্রমে নিযুক্ত হয়। উপবৃত্তি দিলে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে যেত।’
এ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া খানম আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা। তাঁর বাবা শ্রমজীবী। মা হাসিনা বেগম অন্যের বাসায় ঝিয়ের কাজ করেন। হাসিনা বলেন, ‘মাসে মাসে টাকা পালি মাইয়েকে পড়াতি ভালো লাগত।’
লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রুমানা জানান, তাঁর বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মুচিপাড়া, ঋষিপাড়া, বুনোপাড়া, সরদারপাড়া, মালোপাড়ার ছেলেমেয়ে।
আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মুন্না মুন্সির বাবা ভ্যানচালক এবং মা গৃহকর্মী। মুন্না বলে, ‘মা-বাবা আমারে পরের বাড়ি ও দোকানে কাজ করতি বলে। মাসে মাসে স্কুলিরতে টাকা পালি কাজ করতি কত না।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকতার হোসেন বলেন, হতদরিদ্র হলে অবশ্যই উপবৃত্তি পাওয়া উচিত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।