
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর বিচার পাওয়া, তাদের আইনি সহায়তা দেওয়া এবং মানবাধিকার সুরক্ষায় সরকার ও বেসরকারি সংস্থার (এনজিও) মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘এক্সেস টু জাস্টিস: দ্য রোল অব কমিউনিটি মেডিয়েশন’ শীর্ষক দিনব্যাপী জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।
ডিএফআইডির অর্থায়নে বাস্তবায়নাধীন ‘কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস) প্রোগ্রাম’ এবং আইন মন্ত্রণালয়ের অধীন ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে। ১৭ জেলার জেলা লিগ্যাল এইড অফিসার (জ্যেষ্ঠ সহকারী জজ) ও কমিউনিটি লিগ্যাল সার্ভিসের (সিএলএস) সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা এতে অংশ নেন।
বাংলাদেশের দরিদ্র, প্রান্তিক ও বঞ্চিত মানুষের বিচার পাওয়ার সুযোগ বাড়ানো এই কর্মসূচির উদ্দেশ্য।
আইনমন্ত্রী বলেন, সরকার সুবিধাবঞ্চিতদের আইনি সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমাজভিত্তিক সালিস বিভিন্ন বিকল্প বিরোধ নিষ্পত্তির ভূমিকার গুরুত্বসরকার অনুমোদন করে। তবে সালিসব্যবস্থা হতে হবে আইনি কাঠামোর মধ্যে।
বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পরিচালক সারা হোসেন বলেন, প্রশিক্ষণ ছাড়া মেডিয়েশন ঝুঁকিপূর্ণ। এ ক্ষেত্রে যাঁরা ৩০-৪০ বছর ধরে মেডিয়েশন করছেন, তাঁদের কাছ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে।
মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক খান মো. শহীদ এবং নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন অভিমত দেন, সমাজভিত্তিক সালিস মধ্যস্থতা আইনগত, জেন্ডার সচেতন এবং দরিদ্রবান্ধব। প্রান্তিক পর্যায়ে এর নাগরিক চাহিদা রয়েছে।
আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান বলেন, মেডিয়েশন সালিসব্যবস্থার আধুনিক রূপ। তবে যা কিছুই করা হোক না কেন, আদালতকে বাদ দিয়ে কিছু করা যাবে না।
সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ফাওজিয়া করিম ফিরোজ, এক্টিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের প্রকল্প পরিচালক সরদার এম আসাদুজ্জামান, এনএলএএসওর সহকারী পরিচালক মাসুদা ইয়াসমিন এবং সিএলএসের টিম লিডার জেরোম সায়ার বক্তব্য দেন।