দরিদ্রদের জন্য ফ্ল্যাট নির্মাণে আগ্রহী মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়ালালামপুরের গ্র্যান্ড হায়াত হোটেলে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ  l ছবি: পিআইডি
কুয়ালালামপুরের গ্র্যান্ড হায়াত হোটেলে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ l ছবি: পিআইডি

দরিদ্র মানুষের সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট দিতে ঢাকার কামরাঙ্গীরচরে কম খরচে আবাসন প্রকল্প নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভারত ও দক্ষিণ এশিয়ার অবকাঠামোবিষয়ক বিশেষ দূত সামি ভেল্লু।
তিন দিনের সফরে গতকাল বিকেলে কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুটে সাক্ষাৎ করেন সামি ভেল্লু। খবর বাসসের।
শেখ হাসিনা ও সামি ভেল্লুর মধ্যে বৈঠকের পর পররাষ্ট্রসচিব শহিদুল হক সাংবাদিকদের বলেন, তাঁরা বাংলাদেশে বিনিয়োগ-সংক্রান্ত বিষয়, বিশেষ করে ব্যাপক আকারের আবাসন প্রকল্প ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা করেন। আলোচনায় তিনটি বিষয় এসেছে। এগুলো হলো কামরাঙ্গীরচরে নিম্ন আয়ের লোকদের জন্য আবাসন নির্মাণ, চট্টগ্রামে সিঙ্গেল মুরিংয়ে একটি ক্রুড অয়েল টার্মিনাল নির্মাণ ও মালয়েশিয়া থেকে রেলকোচ আমদানি। প্রধানমন্ত্রী মূলত কামরাঙ্গীরচরে নিম্ন আয়ের লোকদের জন্য বহুতল ভবন নির্মাণের জন্য দূতকে অনুরোধ জানান। সামি ভেল্লু বাংলাদেশের এই প্রস্তাবে আগ্রহ দেখিয়েছেন।
পররাষ্ট্রসচিব জানান, সামি ভেল্লু প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশে ৪০০ রেলওয়ে কোচ বিক্রির প্রস্তাব দিয়েছেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বিন তুন হাজি আবদুল রাজাকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে গেছেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ার মানবসম্পদবিষয়ক উপমন্ত্রী হাজি ইসমাইল আবদুল মুত্তালিব ও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান। বিমানবন্দরে শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। পরে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল গ্র্যান্ড হায়াত কুয়ালালামপুরে নিয়ে যাওয়া হয়।
আজ বুধবার গ্র্যান্ড হায়াত হোটেলের বলরুমে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সুবিধাবিষয়ক একটি সংলাপে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তাতে অংশ নেবেন বাংলাদেশ ও মালয়েশিয়ার ব্যবসায়ী নেতারা। শেখ হাসিনা বিকেলে পুত্রজায়ার পারদানা স্কয়ারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। সন্ধ্যায় যোগ দেবেন তাঁর সম্মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজ সভায়।
আগামীকাল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।