দরিদ্রদের টাকা পড়ে আছে ব্যাংকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের তিন মাসের ভাতার প্রায় ৬৯ লাখ টাকা পড়ে আছে ব্যাংকে। এ ক্ষেত্রে বিতরণকারী ব্যাংকগুলোর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।

আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা জানান, উপজেলার গৈলা, রাজিহার, বাকাল, বাগধা ও রত্নপুর ইউনিয়নে ৩ হাজার ৬০৮ জন বয়স্ক, ১ হাজার ২১৮ জন বিধবা ও ৬৯৪ জন প্রতিবন্ধী ভাতাভোগী রয়েছেন। চলতি অর্থবছরের এপ্রিল, মে ও জুন মাসের বয়স্ক ভাতা হিসেবে ৪৩ লাখ ২৯ হাজার ৬০০ টাকা, বিধবা ভাতা হিসেবে ১৪ লাখ ৬১ হাজার ৬০০ টাকা ও প্রতিবন্ধী ভাতা হিসেবে ১০ লাখ ৪১ হাজার টাকা গত ঈদের আগে ছাড় করেছে অধিদপ্তর। কিন্তু ব্যাংকগুলো এখনো টাকা বিতরণ করেনি।

সুবিধাভোগী ব্যক্তিরা জানান, সোনালী ব্যাংকের আগৈলঝাড়া, পয়সারহাট ও গৈলা শাখা এবং কৃষি ব্যাংকের আগৈলঝাড়া শাখার মাধ্যমে ওই পাঁচ ইউনিয়নের সুবিধাভোগী ব্যক্তিরা ভাতা তোলেন। তিন মাস পরপর তাঁদের ভাতা দেওয়ার কথা। কিন্তু ব্যাংকগুলোর কর্মকর্তারা তা মানছেন না। গত এপ্রিল, মে ও জুন মাসের ভাতা গত ঈদের আগে ছাড় করা হলেও তা আগামী পূজার আগে হাতে পাবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

বাকাল ইউনিয়নের ভাতাপ্রাপ্ত সুশীলা রানী (৫০) বলেন, ব্যাংকের কর্মকর্তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে তিন মাসের ভাতা ছয় মাস, কখনো কখনো নয় মাস পর দিয়ে থাকেন।

রত্নপুর ইউনিয়নের মর্জিনা বেগম (৭৫) বলেন, ‘মোরা সামান্য কিছু টাকা পাই। হেইয়া দিয়া কোনো রকম খাইয়া-পইরা আছি। ব্যাংকওয়ালারা টাকা আটকাইয়া মোগো হয়রানি করে।’ একই ধরনের কথা বলেন জব্বার আলীসহ (৭৫) অন্তত ১২ জন। সোনালী ব্যাংকের আগৈলঝাড়া শাখার ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, ১৫ দিনের মধ্যে আরও তিন মাসের টাকা জমা হওয়ার কথা রয়েছে। ওই টাকা এলে একসঙ্গে ছয় মাসের টাকা বিতরণ করা হবে।

কৃষি ব্যাংকের আগৈলঝাড়া শাখার ব্যবস্থাপক শচীন্দ্র নাথ মজুমদার বলেন, নানা ব্যস্ততার কারণে ভাতাপ্রাপ্ত ব্যক্তিদের তিন মাসের টাকা তাঁদের হিসাবে জমা আছে। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে ওই টাকা বিতরণ করা হবে।