দরিদ্রদের বাদ দিয়ে নগরের উন্নয়ন সম্ভব নয়
শহরে বসবাসকারী দরিদ্র ব্যক্তিরা নগরের উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছেন। অথচ তাঁদের জীবনযাপনে ন্যূনতম সুবিধাও নিশ্চিত করা যায়নি। দরিদ্রদের বাদ দিয়ে নগরের টেকসই উন্নয়ন সম্ভব নয়। আজ সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নগর বিশেষজ্ঞরা এমন মন্তব্য করেছেন।
অনুষ্ঠানে ‘দক্ষিণ এশিয়ায় মানব উন্নয়ন-২০১৪, নগরায়ন: সমস্যা এবং সুযোগসমুহ’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। মাহবুব উল হক মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র গবেষণাটি পরিচালনা করে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ‘শহরগুলোকে শুধু টাকা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা এমন শহর তৈরি করেছি, যেখানে নিম্নবিত্তরা প্রান্তিক জীবন যাপন করছে, এমনকি মধ্যবিত্তরাও এখানে নাগরিক সম্মান পাচ্ছে না।’ তিনি বলেন, ‘অতিকেন্দ্রিকতা, অপরাধপ্রবণ স্থানীয় প্রশাসনের ফলে আমাদের নগরগুলোর উন্নয়ন হচ্ছে না। সরকার একা এ অবস্থার পরিবর্তন করতে পারবে না।’ এর জন্য নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ টি এম নুরুল আমিন বলেন, নিম্ন আয়ের মানুষ নগরের জন্য অসুবিধা নয়, শক্তি। তাঁদের বাসস্থান ও অন্যান্য মৌলিক প্রয়োজন মেটাতে সরকারি-বেসরকারি পর্যায়ে পরিকল্পনা করতে হবে।
এর আগে অনুষ্ঠানে প্যানেল আলোচক বুয়েটের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের অধ্যাপক ইশরাত ইসলাম গবেষণাটির সবল ও দুর্বল দিকগুলো নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘আমাদের নগর ব্যবস্থাপনা ঠিকভাবে হয়নি, স্থানীয় সরকারও ঠিকভাবে কাজ করেনি। ফলে এ শহরের সাধারণ মানুষের জন্য ভূমি, খাদ্য এমনকি মৌলিক চাহিদাগুলোও নিশ্চিত করা যায়নি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইজিডির নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমান।