দরিদ্রদের শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক ও উচ্চশিক্ষার জন্য সরকারের দেওয়া সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন অভিভাবকেরা তাঁদের সন্তানদের যথাযথভাবে শিক্ষিত করে তোলার ব্যাপারে সচেতন। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে তাঁদের অনেকেই এ সুযোগ গ্রহণ করতে পারেন না। এ জন্য তাদের পড়াশোনার জন্য সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
প্রধানমন্ত্রী আজ বুধবার তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা ট্রাস্ট ফান্ডের উপদেষ্টা পরিষদের তৃতীয় বৈঠকে এ কথা বলেন। খবর বাসসের।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, আরও শিক্ষার্থীদের এই তহবিলের সুবিধা দিতে তহবিলের আকার আরও বাড়ানোর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, দেশকে দারিদ্র্যমুক্ত করার প্রাথমিক হাতিয়ার হিসেবে তাঁর সরকার শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সরকার প্রত্যেক নাগরিকের শিক্ষাসুবিধা নিশ্চিত করতে চায়। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের চ্যালেঞ্জিং দায়িত্ব পালন সত্ত্বেও শিক্ষাকে জাতীয়করণ করেছেন। বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করার মাধ্যমে আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসে সাক্ষরতার হার ২০ শতাংশ বৃদ্ধি করেছে।

শেখ হাসিনা বলেন, জনগণকে, বিশেষ করে নারীদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আগ্রহী করে তুলতে সরকার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ে বৃত্তি চালু করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে শিক্ষাসহ অন্যান্য খাতের বেশির ভাগ উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যায়। এ জন্য সবাইকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।