দরিদ্রদের শিক্ষা সুবিধা নিশ্চিত করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর শিক্ষা-সহায়তা ট্রাস্ট তহবিলের উপদেষ্টা পরিষদের বৈঠকে শেখ হাসিনা  l ছবি: বাসস
প্রধানমন্ত্রীর শিক্ষা-সহায়তা ট্রাস্ট তহবিলের উপদেষ্টা পরিষদের বৈঠকে শেখ হাসিনা l ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিমূলক ও উচ্চশিক্ষার জন্য সরকারের দেওয়া সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলের উপদেষ্টা পরিষদের তৃতীয় বৈঠকে গতকাল বুধবার এ নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আরও শিক্ষার্থীকে এই তহবিলের সুবিধা দিতে এর আকার আরও বাড়ানোর পদক্ষেপ নিতে বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, তহবিলের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট জ্যেষ্ঠ সচিব ও সচিবেরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এখন অভিভাবকেরা তাঁদের সন্তানদের যথাযথভাবে শিক্ষিত করে তোলার ব্যাপারে সচেতন। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে তাঁদের অনেকেই এই সুযোগ গ্রহণ করতে পারেন না। এ জন্য তাদের পড়াশোনার জন্য সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
শেখ হাসিনা বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করার প্রাথমিক হাতিয়ার হিসেবে তাঁর সরকার শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সরকার প্রত্যেক নাগরিকের শিক্ষা সুবিধা নিশ্চিত করতে চায়। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের চ্যালেঞ্জপূর্ণ দায়িত্ব পালন সত্ত্বেও শিক্ষাকে জাতীয়করণ করেছেন। বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করার মাধ্যমে আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসে সাক্ষরতার হার ২০ শতাংশ বৃদ্ধি করে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণকে বিশেষ করে নারীদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আগ্রহী করে তুলতে সরকার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত বৃত্তি চালু করেছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর শিক্ষাসহ অন্যান্য খাতের বেশির ভাগ উন্নয়ন প্রকল্পই বন্ধ হয়ে যায়। এ জন্য সবাইকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।