দরিদ্রদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

দরিদ্র জনগণকে স্বাস্থ্যসেবা দানের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, গরিব মানুষ যেন অর্থাভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।
আজ রোববার রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘দরিদ্র জনগণকে চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টিকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। দরিদ্র মানুষেরা শুধু টাকার অভাবে যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত বা অবহেলিত না হয়, এ বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে।’
রাষ্ট্রপতি ক্যানসার, হৃদ্রোগ, এইডসের মতো জীবনহানিকর ব্যাধি প্রতিরোধের ব্যাপারে জনগণকে সচেতন করে তুলতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। কেননা, এসব রোগের চিকিৎসা যেমন ব্যয়বহুল, তেমনি সময়সাপেক্ষ। তিনি স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য সচেতনতা সৃষ্টির পরামর্শ দেন।
সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিএসএমএমইউয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত।
সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ভারতের লক্ষ্ণৌতে অবস্থিত কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রবি কান্ত। ২০১৪ সালে যেসব শিক্ষার্থী এমডি, এমএস, এমফিল এবং বিএসসি ইন নার্সিং/ডিপ্লোমা উত্তীর্ণ হয়েছেন, তাঁদেরকে সমাবর্তনে ডিগ্রি দেওয়া হয়। সমাবর্তনে তিনজন চিকিৎসককে শিক্ষাক্ষেত্রে তাঁদের অভূতপূর্ব সাফল্যের জন্য স্বর্ণপদক এবং সাতজন চিকিৎসককে সম্মানসূচক ‘ডক্টরেট’ ডিগ্রি দেওয়া হয়।