বাংলাদেশের বেশির ভাগ মানুষ দরিদ্র। তাদের জন্য দরিদ্রবান্ধব বিপণনব্যবস্থা গড়ে তুলতে হবে। লক্ষ রাখতে হবে, যেন উৎপাদনের সঙ্গে জড়িত শ্রমিক, পণ্য বিতরণকারী ও ভোক্তা সবাই সন্তুষ্ট থাকে।বিশ্বখ্যাত বিপণন-গুরু ফিলিপ কটলার এ কথা বলেছেন। গতকাল বুধবার কটলার প্রধানমন্ত্রীর কার্যালয়, মিরপুর ইনডোর স্টেডিয়াম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটি পৃথক অনুষ্ঠানে বক্তৃতা করেন। সারা বিশ্বে ভিন্ন ধারার বিপণনপদ্ধতির প্রবর্তন করে সুখ্যাতি অর্জন করা এই খ্যাতিমান ব্যক্তিত্ব গতকাল বাংলাদেশের তরুণদের প্রশ্ন করার পাশাপাশি তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। উৎপাদন ও বিপণন নিয়ে গবেষণা, বিজ্ঞাপন, ব্র্যান্ড প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ের আলোচনায় বারবারই তিনি মানুষের কাছে পৌঁছানোর তাগিদ দিয়েছেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘মার্কেটিং পাবলিক সার্ভিস অ্যাট ডোরস্টেপ’ শীর্ষক অধিবেশনে কটলার বলেন, ‘সরকারি সেবার বিপণন নতুন নয়, বিশ্বের অনেক দেশই তা চালু করেছে। এ ধরনের বিপণন সরকারের সেবা প্রদান উন্নয়নে ও কার্যক্রম ভালোভাবে সম্পাদনে সহায়তা করে।’ এক্সেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) যৌথভাবে এ অধিবেশনের আয়োজন করে।কটলার বাংলাদেশকে একটি ‘ঘুমন্ত বাঘ’ হিসেবে বর্ণনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার হওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘আমার মনে হচ্ছে, বাঘ জেগে উঠছে।’অধিবেশনের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, বাংলাদেশ ৪০ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করেছে এবং এটা সম্ভব হয়েছে উদ্যোক্তা ও সরকারের সহযোগিতায়। বহু ক্ষেত্রে, বিশেষ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন।প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, শীর্ষ ব্যবসায়ী, নীতিনির্ধারক বিশেষজ্ঞ ও অর্থনৈতিক বিশ্লেষকেরা অধিবেশনে কটলারের সঙ্গে মতবিনিময় করেন।ছাত্র ও পেশাজীবীদের উদ্দেশে কটলার: মিরপুর ইনডোর স্টেডিয়ামে কটলার ‘ইন্সপায়ারিং ফিউচার মাইন্ডস’ শীর্ষক বক্তৃতা করেন। তাঁর এই বক্তৃতা শুনতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে স্টেডিয়ামে ঢোকেন। পুরো দেড় ঘণ্টা সময় তাঁরা কটলারের কাছ থেকে বিপণনকে পেশা হিসেবে নিতে কী করতে হবে, সে সম্পর্কে পরামর্শ নেন।কটলার ছাত্র ও তরুণ পেশাজীবীদের বলেন, ‘মানুষকে তার দরিদ্রদশা থেকে তুলে আনতে হবে। তাদের জন্য মন একটি বিপণনব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে উৎপাদকপর্যায় থেকে ভোক্তাপর্যায় পর্যন্ত নিজেকে সবাই একই দলের অংশ বলে মনে করে।’বাংলাদেশকে আন্তর্জাতিক দরবারে পৌঁছতে বিশ্বখ্যাত কোনো ব্র্যান্ড গঠনে মনোযোগী হতে হবে বলে কটলার মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশে বেশ কিছু চমৎকার বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। এগুলোকে ছোট্ট দেশটির গণ্ডি ছেড়ে বাইরে প্রতিষ্ঠা পেতে হবে। পৃথিবীর অনেক ছোট দেশের বিখ্যাত ব্র্যান্ড আছে। যেমন: সুইজারল্যান্ডের ঘড়ি বা চকলেট।’কটলার বলেন, ‘টেসকো শুধু আলাদাভাবে প্রত্যেক ক্রেতার কথা মাথায় রাখে বলেই ইংল্যান্ডে এত জনপ্রিয়। এখানে যিনি নিয়মিত মদ কেনেন, তিনি পছন্দসই পানীয় পাবেন, সদ্যজাত শিশুর মা পাবেন প্রয়োজনীয় সবকিছু।’ বিপণন-গুরু বলেন, ‘বিপণনের ছাত্ররা চারটি চ (পি) সম্পর্কে জানেন—প্রোডাকশন (উৎপাদন), প্রাইস (মূল্য), প্লেস (জায়গা), প্রমোশন (প্রসার)। সাধারণ মানুষের কল্যাণে আমি তোমাদের আরও তিনটি চ মাথায় রাখার অনুরোধ জানাই। একটি হলো পিপল (মানুষ), প্রিন্সিপাল (নীতি) ও পারপাস (উদ্দেশ্য)।’ঢাকা বিশ্ববিদ্যালয়ে কটলার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বিপণন দর্শন’ শীর্ষক আলোচনা সভায় কটলার গতকাল বক্তৃতা করেন। শিক্ষকদের উদ্দেশ করে তিনি বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে অনেক সম্ভাবনা থাকে। আপনাদের সেই সম্ভাবনাকে বের করে আনার জন্য প্রেরণা দিতে হবে। এ ছাড়া যেকোনো পেশার ক্ষেত্রেই দক্ষ লোকবল তৈরি করতে হবে।’কটলার বলেন, ‘বিপণন একটি বিশাল খাত। কাজেই আপনি কিসের বিপণন করবেন, সেটি আগে ঠিক করতে হবে। বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে। এ দেশের মানুষের অনেক প্রাণশক্তি। এখন বাংলাদেশ রাষ্ট্রের বিপণন কী হবে, সেটিও ঠিক করতে হবে। বাংলাদেশকে এমন পণ্য তৈরি করতে হবে, যেটি দিয়ে তারা বাজার ধরতে পারবে।’কটলার বলেন, ‘ব্যবসায় কেবল লাভ নয়, সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও দেখতে হবে। এ কারণেই সামাজিক বিপণন (সোশ্যাল মার্কেটিং) আজকের যুগে গুরুত্বপূর্ণ বিষয়।’অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মিজানুর রহমান।