দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবা কম পায়
ঢাকা মহানগরের বস্তির বাসিন্দা বা দরিদ্র জনগোষ্ঠীর ৭০ শতাংশ সাধারণ রোগে চিকিৎসা নেয় ওষুধের দোকান বা ফার্মেসি থেকে। সরকারি প্রতিষ্ঠান থেকে সেবা নেয় মাত্র ৭ শতাংশ দরিদ্র মানুষ। ব্যক্তিমালিকানাধীন ক্লিনিক, চিকিৎসকের চেম্বার, এনজিও ক্লিনিকসহ অন্যান্য উৎস থেকে সেবা নেয় বাকি ২৩ শতাংশ মানুষ। গতকাল রোববার নগর দারিদ্র্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে নগর স্বাস্থ্যবিষয়ক অধিবেশনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবির) পক্ষ থেকে এই তথ্য উপস্থাপন করা হয়।
উপস্থাপনায় আইসিডিডিআরবির সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যপদ্ধতি বিভাগের উপপ্রকল্প সমন্বয়কারী সোহানা শফিক বলেন, মহানগরে সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা সীমিত। সরকারি সেবা পাওয়া যায় শুধু তৃতীয় স্তরের হাসপাতালে। ঢাকাতে হাসপাতালের সংখ্যা ৭ হাজার ৩৫০। এর ৮৬ শতাংশ ব্যক্তিমালিকানাধীন ক্লিনিক বা হাসপাতাল। এনজিও প্রতিষ্ঠান ১২ শতাংশ। আর সরকারি প্রতিষ্ঠান ২ শতাংশ।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় অধ্যাপক আবদুল মালেক সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে একাধিক আলোচক বলেন, গ্রামে স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে সুবিন্যস্ত কাঠামো আছে (কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও জেলা বা সদর হাসপাতাল)। শহর বা নগরে তা নেই। নগরে স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে অস্পষ্টতা আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালগুলো পরিচালনা করে। আর প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। স্থানীয় সরকারের পক্ষে সেবা দেয় এনজিওগুলো।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক তাহমিনা বানু বলেন, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ক্যানসার ও জন্মগত ত্রুটির হার অনেক বেশি। এ বছর জুলাইয়ের ১৫ থেকে ৩১ পর্যন্ত ওই হাসপাতালে ৬০৬ জনের ক্যানসার শনাক্ত হয়েছে। তাদের ৪১ শতাংশ দরিদ্র বা বস্তির বাসিন্দা। তিনি বলেন, ধূমপান, মদপান, পান-জর্দা, দীর্ঘস্থায়ী সংক্রমণ, দূষণ এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ স্বাস্থ্য বিশেষজ্ঞ বুশরা আলম বলেন, দরিদ্র মানুষ যখন চিকিৎসা নিতে চান, তখন সরকারি হাসপাতাল বন্ধ হয়ে যায়। তারা কাছের ওষুধের দোকান থেকে চিকিৎসা নেন। এর পরিবর্তন দরকার। তিনি বলেন, অসংক্রামক রোগে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয় ও ওষুধ খেতে হয়। এতে দরিদ্ররা আরও দরিদ্র হয়ে পড়ে।
নগর দারিদ্র্য নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে ‘আরবান পভার্টি: আ রিসার্চ অ্যান্ড সলুশান কনফারেন্স’ শীর্ষক দুই দিনব্যাপী এই সম্মেলন বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজন করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)। সম্মেলন আয়োজনে সহায়তা করেছে জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) ও ওয়াটার এইড, বাংলাদেশ। নগর স্বাস্থ্যবিষয়ক অধিবেশনে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত না করলে দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নতি হবে না। বড় বড় হাসপাতাল করে সেবাব্যবস্থাকে কেন্দ্রীভূত করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে ৭০০ শয্যার হাসপাতালে রূপান্তর না করলে সেখানে সেবার মান উন্নত হবে না বলে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মন্তব্য করেন।