নীলফামারীর ডোমার উপজেলায় হতদরিদ্র ব্যক্তিদের কার্ড বাতিল করে সচ্ছল ব্যক্তিকে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা পরিষদ চত্বরে গত বুধবার দুপুরে কথা হয় কয়েকজন অভিযোগকারীর সঙ্গে। তাঁরা বলেন, ‘আমরা হতদরিদ্র হিসেবে ১০ টাকা কেজি দরের চালের কার্ড পেয়েছিলাম। একবার চাল পাওয়ার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও চেয়ারম্যান আমাদের কার্ড বাতিল করে অর্থের বিনিময়ে সচ্ছল ব্যক্তিদের ওই কার্ড দিয়েছেন। বিষয়টি আমরা লিখিতভাবে ইউএনওকে জানিয়েছি। কিন্তু তিনি এখনো কোনো ব্যবস্থা নেননি।’
এ সময় সোনারায় ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী আজগার আলী (৭০) বলেন, ‘আমার কার্ড নম্বর ছিল ৮৯৬। আমার বাড়ির ভিটাটাই সম্বল। স্ত্রী জহুরা বেগম দিনমজুরি করে সংসার চালান। আমার প্রতিবন্ধী ভাতা থাকায় কার্ডটি বাতিল করে মিল চাতালওয়ালা লোককে কার্ড দিয়েছে।’ মিল চাতালের মালিক হামিদার রহমান (৪০) এ বিষয়ে বলেন, ‘আমার জ্যাঠাতো ভাই মজিবুর মেম্বার আমার কার্ডটা করে দিয়েছেন। এই মিল চাতাল আমার না, এটা আমার ছেলে ফাহিমের।’ ছেলে কী করেন জানতে চাইলে তিনি বলেন, ছেলে তৃতীয় শ্রেণিতে পড়ে। তিনি আরও বলেন, ‘আমি চাল তুলিনি, কার্ডটা চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি।’
এ বিষয়ে কথা বলতে মজিবুর মেম্বারের খোঁজ নিতে গিয়ে জানা যায়, তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে আছেন।
একই ইউনিয়নের খাটুরিয়া গ্রামের ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক (৩০) বলেন, ‘আমার কার্ড নম্বর ছিল ৭১২। আমার জায়গাজমি নেই। অন্যের জমিতে বসবাস করি। একবার চাল ওঠানোর পর এবার কার্ডটা বাতিল করে দুই বিঘার ওপরে জমির মালিক নুরুন্নবীকে ওই কার্ড দেওয়া হয়েছে।’
একই গ্রামের স্বামী পরিত্যক্তা জাহানারা বেগম (৫০) বলেন, ‘অন্যের জমিতে থাকি, মানুষের বাড়িতে কাজ করি খাই। আমার কার্ড বাতিল করে যাঁর জায়গা আছে, তাঁকে দিছে। গত সোমবার আমরা আটজন একসঙ্গে ইউএনওর কাছে অভিযোগ করছি।’
৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমার ১৩৯টা কার্ডের মধ্যে ৩৩টা পরিবর্তন করা হয়েছে। আগের চেয়ে যাঁরা বেশি গরিব, আমি তাঁদের দিয়েছি।’ ২ নম্বর ওয়ার্ড সদস্য তৈয়ব আলী বলেন, ‘আমার ৩৯৮টা কার্ডের মধ্যে ৯৭টা সংশোধন করেছি।’
সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘ইউনিয়নে মোট ২ হাজার কার্ড পেয়েছি। এর মধ্যে ৫৬৮টি কার্ড সংশোধন করা হয়েছে। এতে কিছু অভিযোগ আসছে। খাদ্য কর্মকর্তা সেগুলো দ্রুত পরিবর্তনের কথা বলে গেছেন।’ তিনি আরও বলেন, ‘কার্ড পরিবর্তনের জন্য ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছিল। মিল চাতালমালিকের কার্ডটা আমি আটকে রেখেছি, সেটি বাতিল করা হবে।’
এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মৃত্যুঞ্জয় রায় বর্মণ বলেন, ‘সোনারায় ও গোমনাতি ইউনিয়নের অভিযোগ পেয়েছি। দুই-একটা ভুলভ্রান্তি থাকতে পারে। আমরা হতদরিদ্রদের বাদ দিয়ে কাউকে কার্ড দিতে বলিনি। তবে ভিজিডি কার্ডধারীদের বাদ দিতে বলেছি।’
গত ৬ অক্টোবর ‘১০ টাকা কেজির চাল, ডোমার ও ভূরুঙ্গামারীতে কার্ড বিতরণে অনিয়ম’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিন (৬ অক্টোবর) রাতে ইউএনও সাবিহা সুলতানা সরেজমিনে অভিযোগের সত্যতা পান।