দরিদ্রের স্বাস্থ্যসেবায় চাই সদিচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই দশকে অর্থনৈতিক উন্নতির পাশাপাশি দেশে মাতৃমৃত্যু কমেছে। তবে দারিদ্র্য এ দেশের মানুষের সুস্বাস্থ্যের পথে এখনো বাধা হয়ে আছে। অপ্রয়োজনীয় পরীক্ষা, ওষুধ ও অস্ত্রোপচার বন্ধ করা গেলে চিকিৎসা ব্যয় অনেক কমে যাবে।গতকাল শনিবার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে (আইসিডিডিআরবি) আয়োজিত এক সিম্পোজিয়ামে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এসব কথা বলেন। আইসিডিডিআরবির পুষ্টি ও খাদ্য নিরাপত্তা কেন্দ্র এই সিম্পোজিয়ামের আয়োজন করে। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কাইলাকুড়ি গ্রামে অতি স্বল্প ব্যয়ে ৩০ বছর ধরে স্বাস্থ্যসেবা দিচ্ছেন এডরিক বেকার। নিউজিল্যান্ডের এই চিকিৎসক তাঁর উপস্থাপনায় বলেন, ‘গ্রোথ চার্ট’ ছাড়া সঠিকভাবে শিশু স্বাস্থ্য ও চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়। তিনি ও তাঁর সহকর্মীরা অতিসহজ গ্রোথ চার্ট ব্যবহার করেন। কাইলাকুড়িতে ‘দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে দরিদ্র্য মানুষের দ্বারা’। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ জাফরুল্লাহ চৌধুরী বলেন, আইসিডিডিআরবি ডায়রিয়া ও কলেরার চিকিৎসায় ব্যাপকভাবে অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করছে। এটা অ্যাজিথ্রোমাইসিনের ভুল ব্যবহার। বক্ষব্যাধি নিরাময়ে এই ওষুধ তৈরি হয়েছিল। অ্যাজিথ্রোমাইসিনের কারণে হঠাৎ হূদেরাগ (হার্ট অ্যাটাক) দেখা দিতে পারে। তিনি বলেন, স্বাস্থ্য খাতে অগ্রগতির মূল কৃতিত্ব এ দেশের নারীদের।শুরুর উপস্থাপনায় সরকারের রোগতত্ত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানী মুশতাক হোসেন স্বাস্থ্যসেবায় সরকারের কর্মকৌশল উপস্থাপন করেন। ব্র্যাক ও গণস্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য কর্মসূচি উপস্থাপন করেন যথাক্রমে আরিফুল আলম ও রেজাউল হক। জাফরুল্লাহ চৌধুরী বলেন, মাতৃমৃত্যু বেশি হচ্ছে হাসপাতালে এবং চিকিৎসকদের হাতে, গ্রামের দাইদের হাতে নয়। হাসপাতালে ঠিক সময়ে চিকিৎসক না থাকা মাতৃমৃত্যুর কারণ। তা ছাড়া অনেক ক্ষেত্রে প্রয়োজনের সময় অবেদনবিদ অনুপস্থিত থাকেন। তিনি বলেন, দু-তিন বছর গ্রামে কাজ না করলে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার সুযোগ দেওয়া হবে না—সরকার এমন শর্ত দিলে গ্রামে চিকিৎসক থাকবে। আইসিডিডিআরবির স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের প্রধান জাহাঙ্গীর খান সমবায়ভিত্তিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের ওপর বক্তব্য তুলে ধরেন। আর বারডেমের শিশুদের ডায়াবেটিস নিয়ে প্রকল্পের ওপর বক্তব্য উপস্থাপন করেন বেদৌরা জাবিন।