দরিদ্রের স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তি কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত অগ্রসরমাণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে স্বাস্থ্যসেবার উন্নতির কাজে ব্যবহার করতে হবে। প্রযুক্তির সুফল যেন দরিদ্র মানুষের স্বাস্থ্যোন্নয়নের কাজে লাগে, সেদিকে বিশেষ নজর দেওয়া দরকার। রোগ নির্ণয় ও চিকিৎসায় দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের বিষয়েও জোর দিতে হবে।গতকাল শুক্রবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বিষয়ে এক আলোচনা সভায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এ অভিমত দিয়েছেন। ‘দ্য ডেইলি স্টার লিডারশিপ কলোকিয়াম ২০১২’ শীর্ষক এই আলোচনা সভা আয়োজনে সহায়তা করেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট, সামিট গ্রুপ ও সিটিব্যাংক এনএ। ডেইলি স্টার ও বেসরকারি সংস্থা ডি-নেট সভার যৌথ আয়োজক।যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গ্লোবাল হেলথ অ্যান্ড টেকনোলজির জ্যেষ্ঠ পরামর্শক ডেভিড অ্যালওয়ার্ড সভার প্লেনারি অধিবেশনে বলেন, ‘ঠিক সময়ে ঠিক মানুষের কাছে সঠিক তথ্য দিতে হবে। এতে মানুষের ক্ষমতা বাড়ে।’ বাংলাদেশের মানুষ স্বাস্থ্য খাতে দুই-তৃতীয়াংশ ব্যয় নিজের পকেট থেকে করে—উল্লেখ করে মার্কিন এই বিশেষজ্ঞ বলেন, ‘এ কারণে তাকে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দিতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করলে তা সম্ভব। তবে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা উন্নত বিশ্বকে অনুসরণ করার দরকার নেই।’ ডেভিড অ্যালওয়ার্ডের বক্তব্যের শেষ পর্যায়ে টেলিকনফারেন্স প্রযুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সিয়াটল সায়েন্স ফাউন্ডেশনের বিশেষজ্ঞ চিকিৎসককে সভার দর্শক-শ্রোতার সামনের পর্দায় সরাসরি দেখানো হয়। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ব্যবস্থাপনা ও যোগাযোগ প্রকল্পের কারিগরি পরামর্শক কিমবার্লি রুক বলেন, ‘রেডিও ও টেলিভিশনের তুলনায় বাংলাদেশের মানুষ এখন কম্পিউটার, ইন্টারনেট, মুঠোফোন ব্যবহার বেশি করছে। স্বাস্থ্য খাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও বাংলাদেশ অনেক এগিয়ে আছে। শুধু ব্যবহার বাড়াতে হবে বলেই যেন প্রযুক্তি ব্যবহার করা না হয়। প্রযুক্তি দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার কাজে লাগানোর বিষয়টিতে বেশি জোর দিতে হবে।অনুষ্ঠানের শুরুতে ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, এ শতকে বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ আছে, তার অন্যতম হচ্ছে স্বাস্থ্য। মধ্য আয়ের দেশে পরিণত হতে গেলে স্বাস্থ্য খাতে ভালো করতে হবে। এ জন্য বুদ্ধিবৃত্তিক সক্ষমতা যেমন দরকার, তেমনি দরকার রাজনৈতিক সদিচ্ছা।অনুষ্ঠানের অংশ হিসেবে ডেইলি স্টার ভবনের নিচতলায় একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। স্বাস্থ্য খাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারকারী কয়েকটি প্রতিষ্ঠান এতে অংশ নেয়।উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি সমান্তরাল কারিগরি অধিবেশন হয়। ‘ভবিষ্যতের জন্য স্বাস্থ্য প্রযুক্তি’ শীর্ষক অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স্ অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সিদ্দিক-ই-রব্বানী বলেন, তাঁরা মানুষের চাহিদার নিরিখে প্রযুক্তি উদ্ভাবন করছেন। এখানে ব্যবসায়িক লাভ বা মেধাস্বত্ব গৌণ বিষয়। গত প্রায় ৩০ বছরে কৃত্রিম হাত, ঘাম দূর করার যন্ত্রসহ বেশ কিছু উদ্ভাবন তিনি উপস্থাপন করেন।ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগী পরিচালক কাওসার আফসানা বলেন, একটি প্রকল্পে গর্ভবতী মায়েদের তালিকা তৈরি, প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা দেওয়ার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রকল্পের অভিজ্ঞতায় দেখা গেছে, এতে মানুষ সহজে ও দ্রুত সেবা পায়। সেবাদানকারীর জবাবদিহিও নিশ্চিত করা যায়।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোল্ডেন হার্ভেস্টের পরিচালক নাদিয়া সামদানি, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, সিটিব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাকসুদ।মধ্যাহ্নভোজের পরও তিনটি সমান্তরাল কারিগরি অধিবেশন বসে। এর একটিতে স্বাস্থ্য খাতের তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইনফরমেটিকাহেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রশিদি। স্বাস্থ্য খাতে প্রযুক্তির ব্যবহার নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) এস এম আশরাফুল ইসলাম। আজ শনিবার এই আয়োজন শেষ হবে।