দর্জি কারিগরদের ধর্মঘট অব্যাহত
মজুরি বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিন ধরে ধর্মঘট করছে দর্জি কারিগরেরা। এতে কার্যত বন্ধ হয়ে গেছে পোশাক তৈরির কাজ। পাশাপাশি ব্যাপকভাবে কমে গেছে থান কাপড়ের বিক্রিও। চাঁপাইনবাবগঞ্জ মডার্ন মার্কেট দর্জি কারিগর সমিতির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানান, কয়েক বছর ধরেই মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছে জেলার দর্জি কারিগরেরা। কিন্তু টেইলার্স মালিকেরা সে দাবি যথাযথভাবে পূরণ করেনি। এবারও কারিগরেরা মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে ২ আগস্ট মালিক সমিতির কাছে লিখিত আবেদন করে। কিন্তু এ আবেদনে কোনো সাড়া না পেয়ে ৮ আগস্ট থেকে ধর্মঘট শুরু করে তারা। বিষয়টি জেলা প্রশাসনকেও জানানো হয়েছে। তিনি জানান, কারিগরদের যে পারিশ্রমিক দেওয়া হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তা দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে প্রতিটি প্যান্টের জন্য ৫২ টাকা ও শার্টের জন্য ৩২ টাকা করে মজুরি দেওয়া হচ্ছে।