দর্শকভর্তি মিলনায়তনে ‘বাংলা ভাষা মা আমার’
ঢাকার মঞ্চে এমন দৃশ্য দেখা গেল বহুদিন পর। কবিতা আবৃত্তি শোনার জন্য দর্শক ভরে গেছে গোটা মিলনায়তন। বাইরে প্রবেশের অপেক্ষায় আরও অনেকে। আবৃত্তি সংগঠন চারুবাক আয়োজিত গতকাল বুধবার রাতে কবি সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দেখা গেল এ দৃশ্য। ‘বাংলা ভাষা মা আমার’ শীর্ষক এ আবৃত্তি অনুষ্ঠানে সুপরিচিত ও প্রতিষ্ঠিত আবৃত্তিকারদের পাশাপাশি নবীন আবৃত্তিকারেরাও অংশ নেন। দর্শক শুনল সাংসদ আসাদুজ্জামান নূর, হাসান আরিফ, রফিকুল ইসলাম, রঞ্জিত রক্ষিত, নিরঞ্জন অধিকারী, জহিরুল হক, মীর বরকত, রেজীনা ওয়ালী, লায়লা আফরোজ, মাসকুর-এ-সাত্তার, বেলায়েত হোসেন, সোহেল আনোয়ার, তারিকুল ইসলাম, শারমিন রোকসানা, ইসমাইল হোসেন, মাহ্মুদুল কবির প্রমুখের আবৃত্তি। দেবাশিস রুপনের নির্দেশনায় অনুষ্ঠানে ছিল ঢেণ্ঢন পা, বিদ্যাপতি, মাইকেল মধুসূদন দত্ত, অতুল প্রসাদ, আব্দুল লতিফ, আলাউদ্দিন আল আজাদ, আবু জাফর ওবায়দুল্লাহ, আবদুল গাফ্ফার চৌধুরী, ফজল শাহাবুদ্দিন, আবু হেনা মোস্তফা কামাল, আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, দাউদ হায়দার প্রমুখের কবিতার আবৃত্তি। চারুবাকের সদস্যদের বেশির ভাগই অপেক্ষাকৃত তরুণ। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জানান, ভাষাশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের আগে দীর্ঘদিন অনুশীলন করেছেন তাঁরা। নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করেছেন ‘বাংলা ভাষা মা আমার’ প্রযোজনাটি নিয়ে। জোটের অনুষ্ঠানে দর্শক বাড়ছে‘খোলা আকাশের নিচে এক মঞ্চে গান, নাচ, আবৃত্তি আর নাটকের সমাহার! এটা প্রমাণ দেয়, সংস্কৃতিচর্চায় আমরা পৃথিবীর অনেক দেশের থেকে এগিয়ে আছি।’ শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান দেখার অনুভূতি এভাবেই প্রকাশ করলেন উত্তরার লতিফুল ইসলাম।লতিফুল ইসলাম স্ত্রীকে নিয়ে প্রথমে বইমেলা ঘুরে দেখেন। সেখান থেকে যান শহীদ মিনার এলাকায়। তাঁদের মতো এমন অনেকে বইমেলার পাট চুকিয়ে শহীদ মিনারের পাদদেশে একুশের নানা আয়োজন উপভোগ করেন। ‘বুকের খুনে যুদ্ধ জারি/অমর একুশে ফেব্রুয়ারি’ স্লোগান নিয়ে আয়োজিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশে অনুষ্ঠানমালার গতকাল ছিল তৃতীয় দিন। বিগত দুই দিনের মতো গতকালও এ মঞ্চে ছিল বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা। গতকাল একুশের অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন মাসকুর-এ সাত্তার। একক সংগীত পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী, ফকির শাহাবুদ্দিন। দলীয় সংগীত পরিবেশন করে ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও পঞ্চভাস্কর। দলীয় আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা সংস্কৃতিচর্চা কেন্দ্র ও সৃজন। সবশেষে পথনাটক পরিবেশন করে ক্রান্তি ও বটতলা। সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত একুশের অনুষ্ঠানমালার আহ্বায়ক গোলাম কুদ্দুছ জানান, দর্শকসমাগম বাড়ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের অনুষ্ঠান শেষ হবে ১৯ ফেব্রুয়ারি। তিনি জানান, জোটের আরেকটি অনুষ্ঠান ১৯ ফেব্রুয়ারি থেকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।