‘প্রায় চার মাস হলো উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েছি। শিক্ষক না থাকায় দর্শনের একটি ক্লাসও করতে পারিনি। খুবই সমস্যা হচ্ছে। কোনো কোনো পড়া বুঝতে পারছি না। নোট করতে পারছি না। পরীক্ষা কী করে দিব, ভেবে পাচ্ছি না।’ এই উদ্বেগ নাটোরের রানী ভবানী সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী সাবিহা খাতুনের।তার মতো একই ধরনের উ ৎ কণ্ঠা প্রকাশ করেছেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের আফরোজা খাতুন, সুলতানা ইয়াসমিনসহ কয়েকজন। শিক্ষক না থাকায় সংশ্লিষ্ট বিষয়ে চার মাস যাব ৎ তাঁরা নিয়মিত ক্লাস করতে পারছেন না।কলেজ সূত্রে জানা গেছে, কলেজে উচ্চমাধ্যমিক, সম্মান ও স্নাতক শ্রেণীতে মোট এক হাজার ৮০০ ছাত্রী রয়েছেন। এখানে ১৬টি বিষয় পড়ানো হয়। সব মিলিয়ে ২৮ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৮ জন। শূন্য রয়েছে ১০টি পদ। দর্শন ও ব্যবস্থাপনা বিষয়ে কোনো শিক্ষক নেই। এ ছাড়া বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস, অর্থনীতি, সমাজবিজ্ঞান ও মার্কেটিং বিষয়ে একজন করে শিক্ষকের সংকট রয়েছে। কলেজের সাচিবিক ও হিসাবনিকাশের কাজেও প্রয়োজনীয় জনবল নেই।প্রথম বর্ষের ছাত্রী আশিফা আক্তার বলে, ‘যারা সচ্ছল পরিবার থেকে এখানে পড়ালেখা করতে এসেছে, তারা প্রাইভেট পড়ে ক্ষতি পুষিয়ে নিচ্ছে। কিন্তু আমি ও আমার মতো যারা অসচ্ছল পরিবার থেকে পড়ালেখা করতে এসেছি, তাদের পক্ষে তো প্রাইভেট পড়া সম্ভব হচ্ছে না। ফলে যেসব বিষয়ে শিক্ষক নাই, সেসব বিষয় নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা শিক্ষকসংকটের দ্রুত সমাধান চাই।’কলেজের অধ্যক্ষ নার্গিস সুরাইয়া আক্তার বলেন, শিক্ষকসংকটে কলেজ পরিচালনা করা মুশকিল হয়ে পড়েছে। বাধ্য হয়ে মাঝেমধ্যে বেসরকারি কলেজের শিক্ষকদের ধার করে এনে ক্লাস নেওয়া হয়। তাঁদের বেতন-ভাতা দেওয়ার জন্য সরকারি কোনো তহবিল নেই। ছাত্রীদের কাছ থেকে নেওয়া সেসন ফি থেকে অতিথি শিক্ষকদের বেতন পরিশোধ করতে হয়। তবে প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শিক্ষক চাওয়া হচ্ছে। তবে কিছু শিক্ষক দেওয়া হবে বলে আশ্বাস পাওয়া গেছে।