দর্শন বিভাগে এক শিক্ষকের নিয়োগ অবৈধ: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তির শর্ত পূরণ না হওয়া সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক হিসেবে খন্দকার তোফায়েল আহমেদের নিয়োগ অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রুল আংশিক মঞ্জুর করে গতকাল মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর আনোয়ার, সঙ্গে ছিলেন আইনজীবী এম এম জি সারোয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুবে আলম ও এ এফ এম মেসবাহ উদ্দিন। তোফায়েলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম কে রহমান।

ওই আদালতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, তোফায়েল আহমেদের নিয়োগ অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, যদি কর্তৃপক্ষ মনে করে তাহলে কমিটি গঠন করে নতুন করে নিয়োগ-প্রক্রিয়া শুরু করবে।

আইনজীবী সূত্র বলেছে, গত বছরের ২ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অস্থায়ী ভিত্তিতে প্রভাষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সিজিপিএ (কিউম্যুলেটিভ গ্রেড পয়েন্টস অ্যাভারেজ)-৫-এর মধ্যে ন্যূনতম ৪.২৫ থাকতে হবে বলা হয়।