দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সবুজ চত্বরজুড়ে গতকাল শুক্রবার বসেছিল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা। দীর্ঘদিন পর সতীর্থ ও বন্ধুদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছিলেন তাঁরা। স্মৃতিময় ক্যম্পাসের সোনালি দিন নিয়ে আলোচনা ও আড্ডায় কেটে যায় তাঁদের দিন।দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ মিলনমেলার আয়োজন করে। সকালে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেন সহউপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ। সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে বক্তব্য দেন ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু, মুক্তিযোদ্ধা লুত্ফর রহমান, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক হোসেনে আরা আলম, অধ্যাপক এম মতিউর রহমান প্রমুখ। সংগঠনের সভাপতি অধ্যাপক আজিজুন্নাহার ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে প্রবীণ চার অ্যালামনাইকে জাতীয় পর্যায়ে অবদান রাখার জন্য এবং আরও দুই সাবেক শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা জানানো হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন দার্শনিক অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যাপক নাজমা সিদ্দিকী, অধ্যাপক আয়েশা সুলতানা, অধ্যক্ষ কুদরত-ই-খুদা, ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু ও নৃত্যশিল্পী লায়লা হাসান।অনুষ্ঠানের শেষ পর্বে বিভাগের সাবেক ছাত্রছাত্রীদের মধ্যে শিল্পী শাহীন সামাদ, শাকিলা জাফর, ফাহমিদা নবী প্রমুখ সংগীত পরিবেশন করেন।