রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রয়াত শিক্ষক রমেন্দ্রনাথ ঘোষের দর্শনবিষয়ক দুটি গ্রন্থ (একটি বাংলায় ও একটি ইংরেজিতে) প্রকাশিত হয়েছে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও মহেন্দ্রনাথ অধিকারী ওই দুটি গ্রন্থ সম্পাদনা করেছেন। গতকাল মঙ্গলবার এ গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গতকাল সকাল ১০টায় গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন রমেন্দ্রনাথের স্ত্রী ছন্দা ঘোষ ও অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক সনৎ কুমার সাহা। দর্শন বিভাগের সভাপতি মো. আক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে রমেন্দ্রনাথ ঘোষের জীবন ও দর্শন নিয়ে বক্তব্য দেন ছন্দা ঘোষ।
এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। আলোচক হিসেবে বক্তব্য দেন সনৎ কুমার সাহা, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের শিক্ষক স্বরোচিষ সরকার। হাসান আজিজুল হক বলেন, ‘রমেন্দ্রনাথ নিভৃতে এমন গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন তা আমরা কেউ জানতাম না। প্রবন্ধের এ লেখাগুলো যখন আমাদের হাতে এল তখন আমরা অনেক বিস্মিত হই। দর্শন নিয়ে এত গভীরভাবে লেখা কেবল রমেন্দ্রনাথের পক্ষেই সম্ভব।